ডিএনসিসির মেয়র পদে মনোনয়নপত্র জমা ৬ জনের

আপডেট : ৩০ জানুয়ারি ২০১৯, ২২:৩৮

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র পদের উপ-নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী ব্যবসায়ী নেতা আতিকুল ইসলামসহ ৬ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। বুধবার উপ-নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিনেই ৫ জন মনোনয়নপত্র জমা দেন।

মনোনয়নপত্র জমা দেওয়া ৫ জন হলেন— জাতীয় পার্টি-জাপা থেকে লাঙ্গল প্রতীকে ব্যান্ড সংগীত শিল্পী শাফিন আহমেদ, ড. ফেরদৌস আহমেদ কোরেশীর প্রগতিশীল গণতান্ত্রিক দল (পিডিপি) থেকে বাঘ প্রতীকে শাহিন খান, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম) থেকে হারিকেন মার্কায় ববি হাজ্জাজ, ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) আনিসুর রহমান দেওয়ান ও স্বতন্ত্র প্রার্থী নর্থ সাউথ প্রপার্টিজ লিমিটেডের চেয়ারম্যান মোঃ আব্দুর রহিম। এর আগে গত মঙ্গলবার দুপুরে ডিএনসিসি মেয়র পদে উপ-নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন তৈরি পোশাক খাতের কারখানা মালিকদের সংগঠন বিজিএমইএ’র সাবেক সভাপতি মোঃ আতিকুল ইসলাম।

ডিএনসিসি উপ-নির্বাচনের তফসিল অনুযায়ী, বুধবার বিকাল ৫টা পর্যন্ত ছিল এ নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময়। তবে নির্ধারিত সময়ের মধ্যে কোনো প্রার্থীকেই ডিএনসিসি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা আবুল কাশেমের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিতে দেখা যায়নি। ৫টার পর একে একে পাঁচ প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। এর মধ্যে ববি হাজ্জাজের পক্ষে তার মনোনয়নপত্র জমা দেন এনডিএমের যুগ্ম মহাসচিব মমিনুল হক। পরে সন্ধ্যায় ববি হাজ্জাজ নিজেও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে হাজির হন।

নির্ধারিত সময়ের পর মনোনয়নপত্র জমা দেওয়ার বিষয়ে জানতে চাইলে রিটার্নিং কর্মকর্তা আবুল কাশেম বলেন, প্রার্থীরা নির্ধারিত সময়ের আগেই রিটার্নিং কর্মকর্তার কার্যালয় চত্বরে এসেছেন। পরে আনুষ্ঠানিকতা শেষে মনোনয়নপত্র জমা নিতে একটু সময় লেগেছে।

মনোনয়নপত্র বাছাই হবে ২ ফেব্রুয়ারি, প্রত্যাহারের শেষ দিন ৯ ফেব্রুয়ারি। ভোট গ্রহণ ২৮ ফেব্রুয়ারি। একই দিন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটির ১৮টি করে ওয়ার্ডের কাউন্সিলর ও ছয়টি করে সংরক্ষিত কাউন্সিলর পদেও ভোট হবে। ২০১৭ সালের ৩০ নভেম্বর আনিসুল হকের মৃত্যু হলে ডিএনসিসির মেয়রের পদটি শূন্য ঘোষিত হয়।