ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দল শরিক ওয়ার্কার্স পার্টি সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আমরা আনন্দিত। তবে এই আনন্দের সঙ্গে আমরা একটু বিব্রতও বটে। সংসদে বিরোধী দলে বসতে আমাদের ওপর সিদ্ধান্ত যেন চাপিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। গতকাল বুধবার সংসদে টানা তৃতীয়বারের মতো স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে ধন্যবাদ জানিয়ে দেওয়া বক্তব্যে তিনি একথা বলেন।
মেনন বলেন, আজকে সংসদে ঢোকার মুখেও আমাকে প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে। সাংবাদিকরা জানতে চেয়েছে সংসদে আপনাদের অবস্থান কী হবে? এ প্রসঙ্গে দলীয় ফোরামে প্রধানমন্ত্রীর একটি মন্তব্যের উদ্ধৃতি দিয়ে মেনন বলেন, প্রধানমন্ত্রী তাঁর দলের বৈঠকে একটি মন্তব্য করেছেন। তিনি বলেছেন, এই সংসদে সরকারি দল যেমন মুক্তিযুদ্ধের সপক্ষের হবে, তেমনই বিরোধী দলও মুক্তিযুদ্ধের সপক্ষের হবে। আমি মনে করি প্রধানমন্ত্রীর এ বক্তব্য অত্যন্ত যৌক্তিক। কিন্তু বিষয়টিকে কেন্দ্র করে শেষ পর্যন্ত যেটা দাঁড়িয়ে গেছে, সেটা একটু বিব্রতের। আমাদের বলা হচ্ছে, আপনারা কেন বিরোধী দলে গিয়ে বসছেন না। বিষয়টি নিয়ে তো আমাদের কেউ জিজ্ঞাসা করবে, প্রশ্ন করবে বা আলোচনা করবে, কিন্তু তা হয়নি। মনে হয় এই সিদ্ধান্ত যেন আমাদের ওপর চাপিয়ে দেওয়া হচ্ছে। মনে হচ্ছে, সিদ্ধান্ত মেনে চলতে হবে।
রাশেদ খান মেনন বলেন, আমরা সরকারের সব উন্নয়ন কাজের প্রশংসা করব। সঙ্গে ত্রুটি-বিচ্যুতিও যা থাকবে সেটা যদি বিরোধিতার প্রয়োজন হয় তা অবশ্যই করব।
