বাবা হারা কিশোরীর সম্পত্তি আত্মসাতের পাঁয়তারার অভিযোগ

আপডেট : ৩০ জানুয়ারি ২০১৯, ২২:৩৯

 ‘আমি মাহমুদা আক্তার সুহা, বয়স ১৯। বাসাবো এলাকার সবুজবাগ থানার স্থায়ী বাসিন্দা। ২০১৫ সালে আমার বাবা শহর আলী ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান। এরপর থেকে বাবার এককাঠা জমির ওপর নির্মিত ৩ তলা বাড়িটির ভাড়ার টাকায় আমাদের মা-মেয়ের খাওয়া-পরাসহ আমার লেখাপড়ার খরচ চলে। এটাই এখন আমাদের আয়ের একমাত্র উত্স। হঠাত্ আমার চাচা আব্বাস আলী বাড়ির জমির মালিকানা দাবি করে বসেন এবং ভাড়ার টাকা জোর করে নিয়ে যান। আমরা এখন খেয়ে না খেয়ে কোনোরকমে বেঁচে আছি’— কথাগুলো বলতে গিয়ে অঝোরে কেঁদে ফেলেন মাহমুদা আক্তার সুহা।

তিনি রাজধানীর সিদ্ধেশ্বরী কলেজের অনার্স ২য় বর্ষের শিক্ষার্থী। সুহা বলেন, অবৈধভাবে দু’মাস ধরে ভাড়াটিয়ার কাছ থেকে জোর করে টাকা নিয়ে যাচ্ছেন চাচা। এ বিষয়ে এলাকায় সালিশ বৈঠক করেও কোনো সমাধান হয়নি। সুহা আরো অভিযোগ করে বলেন, আমার বাবা ঋণ করে বাড়ির কাজ কোনোরকমে শেষ করে মারা যান। সেই ঋণের টাকাও আমিই একটু একটু করে শোধ করছি। অথচ এখন ৩ বছর পর আমার চাচা-ফুফু এসে দাবি করেন, এই বাড়ি নাকি তাদের। আমার মাসহ আমাকে বাড়ি ছেড়ে চলে যেতে বলে। এ বিষয়ে সবুজবাগ থানায় সাধারণ ডায়েরি করেছি। আমরা মা-মেয়ে এখন খেয়ে না খেয়ে কোনোরকমে দিন কাটাচ্ছি।