আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেছেন, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজনীতিকের সীমানা পেরিয়ে রাষ্ট্রনায়কে রূপান্তর হয়েছেন। সংগ্রামী নেতা থেকে তিনি আজ কালজয়ী রাষ্ট্রনায়ক।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে গতকাল রবিবার আওয়ামী লীগের তথ্য ও গবেষণা উপকমিটির উদ্যোগে ‘শেখ হাসিনার চার দশক : বদলে যাওয়া বাংলাদেশের অপ্রতিরোধ্য অগ্রযাত্রা’ শীর্ষক তথ্যচিত্র প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ওবায়দুল কাদের তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হন।
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য ড. মশিউর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আলোচক হিসেবে ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, শেখ হাসিনা একজন সংগ্রামী নেতা থেকে এখন জনপ্রিয় রাজনৈতিক ও উন্নয়নের নেতা হিসেবে পরিণত হয়েছেন। শেখ হাসিনার জন্যই জাতি আজ মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে পেরেছে। তিনি বলেন, শেখ হাসিনা ফিরে এসেছিলেন বলেই বঙ্গবন্ধুর খুনিদের ও যুদ্ধাপরাধীদের বিচারের রায় কার্যকর করা হয়েছে, তাই বাংলাদেশ পাপমুক্ত ও কলংকমুক্ত হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে ধানমন্ডি ৩২ নম্বর প্রান্তে অনুষ্ঠান সঞ্চালন করেন তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ড. সেলিম মাহমুদ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া প্রমুখ।
এদিকে সবাইকে জনসমাগম এড়িয়ে স্বাস্থ্যবিধি মেনে চলার ব্যাপারে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, করোনা সংক্রমণে সরকারের সর্বাত্মক চেষ্টায় কিছুটা নিয়ন্ত্রিত হলেও ঈদ-পরবর্তী কর্মস্থলে ফিরতে মানুষের বাঁধ ভাঙা জনস্রোত হলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে।
