পিরোজপুরে আওয়ামী লীগের অভ্যন্তরীণ দ্বন্দ্বে ইউপি চেয়ারম্যানসহ আহত ৭

আপডেট : ১৬ মে ২০২১, ২৩:১০

পিরোজপুর সদর উপজেলার কদমতলা ইউনিয়নে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে সহিংস ঘটনা ঘটেছে। এতে ইউপি চেয়ারম্যান, পুলিশ কর্মকর্তা ও আওয়ামী লীগের পাঁচ কর্মী গুরুতর আহত হয়েছেন।

ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মো. হানিফ খান, সদর থানার পরিদর্শক (অভিযান) আব্দুস সোবহানসহ অন্য আহতদের পিরোজপুর ও খুলনার হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি বলে পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান জানান। গত শনিবার রাত সাড়ে ৮টার দিকে পিরোজপুর সদর উপজেলার কদমতলা বাজারে ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ে এ ঘটনা ঘটে।

আহত অন্যরা হলেন—মিজান শেখ, মুনান খান, লিটন খান, তন্ময় গাজী ও তাজুল ইসলাম। গুরুতর আহত মিজান শেখ ও মুনান খানকে উন্নত চিকিত্সার জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

হাসপাতালে চিকিত্সাধীন কদমতলা ইউপি চেয়ারম্যান হানিফ খান জানান, তিনি আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছেন। শনিবার রাতে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা ঈদের পরে কুশল বিনিময়ের জন্য ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ে উপস্থিত হন। রাত সাড়ে ৮টার দিকে বায়েজিদ ও সিহাবের নেতৃত্বে স্থানীয় ও বহিরাগত মিলিয়ে ৫০-৬০ জনের একটি দল তাদের ওপর হামলা চালায়। সন্ত্রাসীরা তার ওপরসহ আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপরে বোমা নিক্ষেপ করে এবং গুলি করে। পরে হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে জখম করে।

পিরোজপুর জেলা হাসপাতালের কর্তব্যরত চিকিত্সক ডা. তন্ময় মজুমদার জানান, আহতদের হাসপাতালে ভর্তি করে চিকিত্সা প্রদান করা হচ্ছে। এদের মধ্যে গুরুতর আহত মিজান শেখ ও মুনান খানকে উন্নত চিকিত্সার জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পিরোজপুরের পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান জানান, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এ ঘটনায় পুলিশও আহত আছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।