বাংলাদেশে গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখার ক্ষেত্রে আসন্ন সংসদ নির্বাচন বিশেষভাবে গুরুত্বপূর্ণ উল্লেখ করে নির্বাচনের সহায়ক পরিবেশ তৈরির জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন ইউরোপীয় পার্লামেন্টের সদস্যরা। গত বৃহস্পতিবার ফ্রান্সের স্ট্রাসবুর্গে ইইউ পার্লামেন্টে অনুষ্ঠিত এক বিতর্কে সদস্যরা এ আহবান জানান। একইসঙ্গে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে গণমাধ্যম এবং বিরোধীদের ওপর দমন-পীড়ন বন্ধেরও আহ্বান জানিয়েছেন তারা। বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে বিতর্ক শেষে পার্লামেন্টে একটি প্রস্তাব গৃহীত হয়। ঢাকায় প্রাপ্ত এক খবরে এ তথ্য জানা গেছে।
বিতর্কে অংশ নিয়ে পার্লামেন্টের সদস্য জোসেফ ভাইদেনহোলজার বলেন, বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন অনেক দিক থেকেই গুরুত্বপূর্ণ। এ নির্বাচনই শেষ সুযোগ, যেখানে নির্ধারিত হবে বাংলাদেশে গণতান্ত্রিক ধারা অব্যাহত থাকবে, নাকি পরিস্থিতি অরাজকতা ও বিশৃঙ্খলার দিকে ধাবিত হবে। ব্রিটিশ রাজনীতিক চার্লস টানোক বলেন, বাংলাদেশে অনেক ক্ষেত্রেই উন্নয়নের ধারা অব্যাহত রয়েছে। তবে বিপরীতে মানবাধিকার পরিস্থিতির অবনতি ঘটেছে।
বিতর্ক শেষে গৃহীত প্রস্তাবে বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতির অবনতি তথা গণমাধ্যম, বিরোধী দল, শিক্ষার্থী ও অধিকার কর্মীদের ওপর দমন-পীড়নের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। বাক-স্বাধীনতা ও সমাবেশ করার ক্ষমতা হ্রাস, আইন বহির্ভূত হত্যাকাণ্ড, গুম, অতিরিক্ত বল প্রয়োগ ও শ্রম অধিকার লঙ্ঘনে উদ্বেগ প্রকাশ করে প্রতিকারমূলক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে প্রস্তাবে। প্রস্তাবে রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ায় বাংলাদেশের প্রশংসা করা হয় এবং প্রত্যাবাসন প্রক্রিয়া পুনর্বিবেচনার (স্থগিতের) আহ্বান জানানো হয়।
