জাতীয় ঐক্যফ্রন্ট একশ ভাগ ঐক্যবদ্ধ আছে: ড. কামাল

আপডেট : ৩০ জানুয়ারি ২০১৯, ২২:৪৫

জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, জাতীয় ঐক্যফ্রন্ট একশ ভাগ ঐক্যবদ্ধ আছে। গতকাল বুধবার রাজধানীর মতিঝিলের আরামবাগে গণফোরামের কেন্দ্রীয় কার্যালয়ে দলের জাতীয় কাউন্সিল উপলক্ষে অনুষ্ঠিত প্রস্তুতি সভা শেষে ঐক্যফ্রন্টের ঐক্য সম্পর্কিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, ঐক্য তো অবশ্যই আছে। আমাদের ঐক্য তো ১৬ কোটি মানুষকে নিয়ে।  গণফোরামের  দুজন সদস্যের এমপি হিসেবে শপথ নেওয়া প্রসঙ্গে জানতে চাইলে ড. কামাল বলেন, এসব বিষয়ে পরে সংবাদ সম্মেলন করে জানানো হবে। গতকাল থেকে শুরু হওয়া সংসদের অধিবেশনের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, কী হচ্ছে না হচ্ছে আমি খোঁজ রাখছি। অনেক বিতর্কিত বিষয় আছে। এসব বিষয়ে পরে আলোচনা করে জানানো হবে।

জাতীয় ঐক্যের ওপর জোর দিয়ে কামাল হোসেন বলেন, জাতীয় ঐকমত্যে যেগুলো আছে সেগুলো তুলে ধরে জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে। জাতীয় সংগঠনের মাধ্যমে জাতীয় লক্ষ্য অর্জন সম্ভব। আমি বিশ্বাস করি ঐক্যবদ্ধ হয়ে লক্ষ্য অর্জন করা সম্ভব। এছাড়া জেলায়-জেলায় সবাইকে সংগঠিত করা হবে বলেও জানান তিনি।

কামাল হোসেন বলেন, এদেশের ক্ষমতার মালিক জনগণ। জনগণকে সেই মালিকের ভূমিকায় রাখতে হলে একটি সংগঠন প্রয়োজন। সে সংগঠনের জন্য আমরা ধারাবাহিকভাবে কাজ করে এসেছি।

প্রস্তুতি সভায় একাদশ সংসদ নির্বাচনে বিজয়ী গণফোরামের মোকাব্বির খান উপস্থিত থাকলেও অনুপস্থিত ছিলেন সুলতান মোহাম্মদ মনসুর। এছাড়াও উপস্থিত ছিলেন গণফোরামের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, সাধারণ সম্পাদক মোস্তফা মোহসীন মন্টু, ড. রেজা কিবরিয়া প্রমুখ। আগামী ২৩ ও ২৪ মার্চ দলের জাতীয় কাউন্সিলের দিনক্ষণ নির্ধারণ করেছে গণফোরাম। তবে স্থান পরবর্তীতে জানানো হবে।