ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন, গত ৪০ বছরের মধ্যে সবচেয়ে কঠিন অবরোধের মুখে পড়েছে তার দেশ। তিনি এজন্য সরকার নয়, যুক্তরাষ্ট্রকে দায়ী করেন। গত বছর ইরানের সঙ্গে করা পরমাণু চুক্তি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। খবর আল-জাজিরার
অর্থনৈতিক সংকটের জন্য ইরানে শ্রমিক, ট্রাক চালক, কৃষক ও ব্যবসায়ীরা বিক্ষোভ করছেন। এর প্রেক্ষিতে ইরানের প্রেসিডেন্ট রুহানি গতকাল বুধবার বলেন, আজ ইরান সবচেয়ে বড় অবরোধের মুখে পড়েছে। এতে অর্থনীতিতে ব্যাপক চাপ তৈরি হয়েছে। তিনি বলেন, আমেরিকা এবং তার মিত্ররা আমাদের ওপর এই চাপ তৈরি করেছে। এজন্য দায়িত্বশীল সরকার এবং ইসলামকে দোষারোপ করা ঠিক নয়। ২০১৫ সালে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার আমলে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রসহ ছয় জাতির পরমাণু চুক্তি হয়। কিন্তু ট্রাম্প ক্ষমতায় আসার পরই চুক্তি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। তার অভিযোগ, ইরান পরমাণু অস্ত্র চুক্তি লংঘন করছে। দেশটি সুবিধা নিচ্ছে, অথচ যুক্তরাষ্ট্র চুক্তি থেকে তেমন কিছু পাচ্ছে না। অবশেষে গত বছর প্রেসিডেন্ট ট্রাম্প চুক্তি থেকে আনুষ্ঠানিকভাবে সরে আসার ঘোষণা দেন। এরপর ট্রাম্পের প্রশাসন ইরানের ওপর আগের নিষেধাজ্ঞা পুনর্বহাল করে। এই নিষেধাজ্ঞার ফলে ইরানের তেল রপ্তানি কমে যায়। অর্থনীতিতে বড় ধরনের চাপ সৃষ্টি হয়।
