ডিশ ব্যবসাকে কেন্দ্র করে আগৈলঝাড়া ও গৌরনদীতে সংঘর্ষ

আপডেট : ৩০ জানুয়ারি ২০১৯, ২২:৫০

ডিশ লাইনের ব্যবসায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বরিশালের গৌরনদী ও আগৈলঝাড়ায় সরকারি দলের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে একটি বসতঘর ভাঙচুর ও সাবেক তিন জনপ্রতিনিধিসহ উভয়পক্ষের ১০ জন আহত হয়েছে। গত মঙ্গলবার রাতে গৌরনদী উপজেলার বিল্বগ্রাম বাজারে ও বিকালে আগৈলঝাড়া উপজেলার পতিহার  গ্রামে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও আহত সূত্রে জানা গেছে, ডিশ ব্যবসা নিয়ে গত কয়েকদিন ধরে গৌরনদী উপজেলা যুবলীগের সদস্য সলিল গুহ পিন্টু’র গ্রুপ ও আগৈলঝাড়ার গৈলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা জামাল গোমস্তা’র গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছিল। মঙ্গলবার বিকালে জামাল গোমস্তা, সাবেক পৌর কাউন্সিলর ফিরোজ রহমানসহ তাদের সহযোগীরা আগৈলঝাড়ার পতিহার গ্রামের ডিশ ব্যবসায়ী যুবলীগ নেতা মৃতুঞ্জয় সরকার, লক্ষণ দে’র ডিশ লাইনের তার কেটে দেয়। বাধা দিলে জামাল গোমস্তার সমর্থকরা পতিহার গ্রামের লক্ষণ দে’র বাড়িতে হামলা চালিয়ে কল্পনা দে, কল্যাণী কাপালী, কাঠমিস্ত্রি বিভূতি হালদার, বিপুল গাইনকে পিটিয়ে আহত ও লক্ষণ দে’র বসত ঘর ভাঙচুর করে।

রাতে জামাল গোমস্তার লোকজন গৈলা ইউপির সাবেক সদস্য যুবলীগ নেতা সাইফুল ইসলাম দরবেশকে বিল্বগ্রাম বাজার এলাকায় কুপিয়ে মারাত্মক জখম করে। উভয় গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। হামলায় আওয়ামী লীগ নেতা জামাল গোমস্তা, সাবেক ইউপি সদস্য সাইফুল ইসলাম দরবেশ ও সাবেক পৌর কাউন্সিলর যুবলীগ নেতা ফিরোজ রহমান, যুবলীগ কর্মী মৃতুঞ্জয় সরকার, লক্ষণ দেসহ উভয় পক্ষের ৬ নেতা-কর্মী আহত হয়। গৌরনদী মডেল থানার ওসি গোলাম সরোয়ার জানান, দরবেশ মেম্বারের ভাই আনোয়ার হোসেন হাওলাদার বাদী হয়ে ২৫ জনকে আসামি  করে একটি মামলা দায়ের করেছে। মামলার আসামি যুবলীগ কর্মী টুিট শিকদার, সুজিত দাস ও সুমন গোমস্তাকে গ্রেফতার করা হয়েছে।