১০ মাসে সংশোধিত এডিপির অর্ধেক বাস্তবায়িত হয়নি

আপডেট : ১৭ মে ২০২১, ২৩:২০

চলতি ২০২০-২১ অর্থবছরের ১০ মাসে (জুলাই থেকে এপ্রিল) সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচির মাত্র ৪৯ শতাংশ বাস্তবায়ন হয়েছে। অর্থাত্ অর্থবছরের ১০ মাসে উন্নয়ন ব্যয়ের অর্ধেকও বাস্তবায়ন করা সম্ভব হয়নি। পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) তথ্যানুযায়ী চলতি অর্থবছরে ২ লাখ ৯ হাজার ২৭২ কোটি টাকা বরাদ্দের মধ্যে জুলাই থেকে এপ্রিল পর্যন্ত ১০ মাসে খরচ করা সম্ভব হয়েছে ১ লাখ ২ হাজার ৭৩০ কোটি টাকা। সে হিসাবে আরএডিপি শতভাগ বাস্তবায়ন করতে হলে মে ও জুন এই দুই মাসের মধ্যেই খরচ করতে হবে বরাদ্দের অর্ধেকেরও বেশি অর্থ। এই ১০ মাসে সরকারি তহবিলের ৬৬ হাজার ৪৫৫ কোটি টাকা, বৈদেশিক সহায়তা থেকে ব্যয় হয়েছে ৩৩ হাজার ৫১৭ কোটি টাকা এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের নিজস্ব তহবিলের ২ হাজার ৭৫৮ কোটি টাকা খরচ হয়েছে।

এর আগের অর্থবছরগুলোর এডিপি বাস্তবায়নের চিত্রে দেখা যায়, ২০১৯-২০ অর্থবছরের ১০ মাসে বাস্তবায়ন হয়েছিল ৪৯ দশমিক ১৩ শতাংশ, ২০১৮-১৯ অর্থবছরের প্রথম ১০ মাসে ৫৪ দশমিক ৯৪ শতাংশ, ২০১৭-১৮ অর্থবছরের প্রথম ১০ মাসে ৫২ দশমিক ৪২ শতাংশ এবং ২০১৬-১৭ অর্থবছরের একই সময়ে সংশোধিত এডিপি বাস্তবায়ন হয়েছিল ৫৪ দশমিক ৫৬ শতাংশ।

এদিকে করোনা পরিস্থিতির মধ্যেও আসছে ২০২১-২২ অর্থবছরের জন্য বড় উন্নয়ন পরিকল্পনা হাতে নিচ্ছে সরকার। যার সম্ভাব্য আকার ২ লাখ ২৫ হাজার ৩২৪ কোটি টাকা। উন্নয়ন বাজেটে গুরুত্ব পাচ্ছে করোনা ভাইরাস নিয়ন্ত্রণ ও স্বাস্থ্য সুরক্ষা। তবে চলমান মেগা প্রকল্পেও বরাদ্দ নিশ্চিত করবে সরকার। জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভায় বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) চূড়ান্ত অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে আজ মঙ্গলবার। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠকটি অনুষ্ঠিত হবে। এরই মধ্যে পরিকল্পনা মন্ত্রণালয়ের বর্ধিত সভায় নতুন অর্থবছরের জন্য এডিপির আকারের খসড়া চূড়ান্ত করা হয়েছে যা আজকের বৈঠকে উপস্থাপন হবে। চাহিদা বিবেচনায় শেষ মুহূর্তে এডিপির আকার কিছুটা হ্রাস-বৃদ্ধি হতে পারে।