একাদশ সংসদের যাত্রা শুরু

আপডেট : ৩০ জানুয়ারি ২০১৯, ২২:৫৭

যাত্রা শুরু করেছে একাদশ জাতীয় সংসদ। গতকাল বুধবার একাদশ সংসদের প্রথম অধিবেশন শুরুর মধ্য দিয়ে নতুন সংসদের যাত্রা শুরু হয়েছে। সরকারের গঠনমূলক সমালোচনার মধ্য দিয়ে এই সংসদ প্রাণবন্ত ও কার্যকর হবে বলে আশা প্রকাশ করেছে সরকারি ও বিরোধী দল।

চিকিত্সার জন্য সিঙ্গাপুরে থাকায় সংসদের প্রথমদিনে উপস্থিত ছিলেন না বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান এইচ এম এরশাদ। তার অনুপস্থিতিতে বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের বলেন, জনগণের পক্ষে কথা বলতে বিরোধী দলকে প্রত্যাশা অনুযায়ী সময় দিতে হবে। আমরা সঠিকভাবে জনগণের কথা তুলে ধরতে পারলে সংসদ প্রাণবন্ত হবে। সংসদ প্রাণবন্ত ও কার্যকর হোক সেটাই আমরা চাই। বিরোধী দল হিসেবে সংখ্যায় কম হলেও সংসদকে কার্যকর রাখতে কোনো বাধা হবে না। বিরোধী দলের যুক্তিসংগত কথাগুলো শুনে সেই অনুযায়ী সরকার পদক্ষেপ নিলে সংসদের প্রতি মানুষের আস্থা বাড়বে।

জাসদের সভাপতি হাসানুল হক ইনু বলেন, সংসদকে প্রাণবন্ত করতে তারাও চেষ্টা করবেন।

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ বলেন, আমরা একটা সোনালী যুগে প্রবেশ করেছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আর এগিয়ে যাবে। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম বলেন, এই সংসদ জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণে সমর্থ হবে।

সভাপতিমণ্ডলী মনোনয়ন

স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে একাদশ সংসদের প্রথম অধিবেশন পরিচালনার জন্য সভাপতিমণ্ডলী মনোনয়ন দিয়েছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। সভাপতিম্ললীর সদস্যরা হলেন- আবুল কালাম আজাদ, শামসুল হক টুকু, এবি তাজুল ইসলাম, ফখরুল ইমাম ও সাগুফতা ইয়াসমিন। স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে তাদের মধ্যে অগ্রবর্তীজন অধিবেশনে সভাপতিত্ব করবেন।

পাঁচটি অধ্যাদেশ উত্থাপন

গতকাল সংসদে সংবিধানের ৯৩ অনুচ্ছেদের (২) দফা অনুযায়ী পাঁচটি অধ্যাদেশ উত্থাপন করা হয়। আইনমন্ত্রী আনিসুল হকের অনুপস্থিতিতে তার পক্ষে এগুলো উত্থাপন করেন পূর্তমন্ত্রী শ. ম রেজাউল করিম।