‘নির্মম নিপীড়নের মোকাবিলায় কোনো মুক্তিকামী মানুষ নীরব থাকতে পারে না’

আপডেট : ১৮ মে ২০২১, ০০:৪৫

চলমান ফিলিস্তিন সংকট প্রসঙ্গে গতকাল সোমবার ঢাকাস্থ ইরান দূতাবাসের সাংস্কৃতিক কেন্দ্র থেকে একটি বিবৃতি প্রদান করা হয়েছে। বিবৃতিতে ইরানের আন্তঃধর্মীয় সংলাপবিষয়ক নীতিনির্ধারণ ও সমন্বয় পরিষদের চেয়ারম্যান আবুজর ইব্রাহিমি বলেন, ‘দখলদার ইহুদিবাদীদের রক্তাক্ত হাতে আবারও নিরীহ শিশু, মহিলা ও বেসামরিক নাগরিকের রক্ত ঝরছে। এ প্রেক্ষাপটে, নির্মম নিপীড়নের মোকাবিলায় যেমন কোনো মুক্তিকামী মানুষ নীরব থাকতে পারে না, তেমনি ধর্মীয় নেতৃবৃন্দ ও সাংস্কৃতিক ব্যক্তিত্বদের কাছ থেকেও অনুরূপ প্রত্যাশা কামনা করা হচ্ছে। কারণ, ‘স্বাধীনতা’ হলো তাদের সামাজিক অবস্থান ও স্থিতিশীলতার অন্যতম আবশ্যক বৈশিষ্ট্য। অথচ এই নিষ্ঠুর কাজটি গণতন্ত্রের দাবিদারদের চোখের সামনে পরিচালিত হচ্ছে এবং মানবাধিকারের ধ্বজাধারীরা এসব দেখেও নিশ্চুপ রয়েছে।’

বিবৃতিতে ফিলিস্তিন সমস্যার সমাধানে আয়াতুল্লাহ আলি খামেনির বক্তব্য তুলে ধরে বলা হয়, ফিলিস্তিনে শরণার্থীদের প্রত্যাবর্তন এবং সেখানকার ইহুদি, খ্রিষ্টান এবং মুসলিম বাসিন্দাদের সম্মিলিত সিদ্ধান্তের ভিত্তিতেই কেবল শান্তি প্রতিষ্ঠা সম্ভব নতুবা নয়। আবুজর ইব্রাহিমি বলেন, ‘আমি সব ধর্মের নেতৃবৃন্দ ও সাংস্কৃতিক ব্যক্তিত্বদের কাছে আবেদন করছি, ফিলিস্তিনে এই বর্বর অপরাধ সংঘটিত করার জন্য ইসরাইলের প্রতি ধিক্কার জানাবেন এবং নিরীহ ফিলিস্তিনিদের পক্ষে আপনাদের যে ধর্মীয় ও মানবিক দায়িত্ব রয়েছে তা পালন করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন।’