গাজীপুর:গাজীপুর সিটি কর্পোরেশনের ইসলামপুর এলাকায় বুধবার ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে আরও ৫টি অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে। ছাড়পত্র ও অনুমোদন না থাকায় এসব ইটভাটা গুড়িয়ে দেওয়ার পাশাপাশি ভাটা মালিকদের বিভিন্ন অঙ্কের জরিমানাও করা হয়। গাজীপুরের জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর যৌথভাবে এসব ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে। উল্লেখ্য, গত রবিবার গাজীপুরে ৩টি অবৈধ ইটভাটা ভেঙে দিয়েছিল ভ্রাম্যমাণ আদালত। গাজীপুর পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক আঃ সালাম সরকার জানান, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন-২০১৩ অমান্য করায় ৫টি ইটভাটার চিমনি ও ইট গুঁড়িয়ে দিয়ে ফায়ার সার্ভিসের কর্মীদের মাধ্যমে চিমনির আগুন নেভানো হয়। এসময় গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভ্রাম্যমান আদালতের বিচারক রুবাইয়া ইয়াসমিন শাকিল ট্রেডিং কর্পোরেশনকে ৫০ হাজার টাকা, নজরুল ব্রিক্সকে ২০ হাজার টাকা এবং রনি ব্রিক্স, বাশার ব্রিক্স ও তাজিম ব্রিক্সকে ৮০ হাজার টাকা করে জরিমানা ধার্য করে তা আদায় করেন। এদিকে ইটভাটা মালিক মোঃ হানিফ সরকার গাজীপুরে ইট তৈরির জন্য ব্রিক ফিল্ড জোন করার দাবি জানান। তিনি বলেন, সরকার যদি আমাদের ইট তৈরির আধুনিক প্রযুক্তি দেয় তাহলে পরিবেশসম্মতভাবে আমরা ইট তৈরি করতে পারব।
