এখনো কৃত্রিম অক্সিজেন নিচ্ছেন খালেদা জিয়া

আপডেট : ১৯ মে ২০২১, ০০:২৫

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিত্সাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের মতোই রয়েছে। তিনি এখনো কৃত্রিম অক্সিজেন নিচ্ছেন। ডায়াবেটিসও রয়েছে আগের মতোই। কিডনিতেও কিছুটা সমস্যা রয়েছে। হাসপাতালের সিসিইউতে রেখেই তাকে করোনা-পরবর্তী জটিলতার চিকিত্সা দেওয়া হচ্ছে। গতকাল মঙ্গলবার বেগম জিয়ার মেডিক্যাল বোর্ডের চিকিত্সক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এ তথ্য জানিয়েছেন।

ডা. এ জেড এম জাহিদ বলেন, এভারকেয়ার হাসপাতালে ভর্তির পর গত ১৫ দিন ধরে সিসিইউতে রয়েছেন বেগম জিয়া। পুরোনো রোগ আর্থ্রাইটিস, ডায়াবেটিসের পাশাপাশি হূদ্যন্ত্র ও কিডনি জটিলতায় ভুগছেন তিনি। গতকালও ডা. শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে ১০ সদস্যের মেডিক্যাল বোর্ড খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা পর্যালোচনা করেছেন।

গত ১১ এপ্রিল করোনা ভাইরাসে আক্রান্ত হন বেগম খালেদা জিয়া। ২৭ এপ্রিল তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। শ্বাসকষ্ট দেখা দিলে গত ৩ মে তাকে নেওয়া হয় সিসিইউতে।