আগামীকাল ১ ফেব্রুয়ারি থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার চত্বরে শুরু হতে যাচ্ছে দু’দিনব্যাপী ‘জাতীয় কবিতা উত্সব-২০১৯’। স্বৈরশাসনের বিরুদ্ধে শৃঙ্খল মুক্তির ডাক দিয়ে কবিতা উত্সবের শুরু হয় ১৯৮৭ সালে। কালের পরিক্রমায় সে উত্সব আজ আন্তর্জাতিক রূপ নিয়েছে। মুক্ত আলোচনা ও কবিতা পাঠ, আবৃত্তিপর্ব, সেমিনার, ছড়াপাঠ, কবিতার গান ইত্যাদি নিয়ে সাজানো হবে ‘জাতীয় কবিতা উত্সব ২০১৯’। সকাল থেকে শুরু হয়ে উত্সব চলবে রাত ৯টা পর্যন্ত। গতকাল বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) এক সাংবাদিক সম্মেলনে কবিতা উত্সবের বিস্তারিত তথ্য তুলে ধরে সংগঠনটি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) এবং জাতীয় কবিতা পরিষদের সভাপতি অধ্যাপক ড. মুহাম্মদ সামাদের সভাপতিত্বে সাংবাদিক সংম্মেলনে উত্সব সম্পর্কে জানান, সংগঠনের সাধারণ সম্পাদক তারিক সুজাত।
১ ফেব্রুয়ারি সকাল ১০টায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, শিল্পাচার্য জয়নুল আবেদিন, শিল্পী কামরুল হাসানের সমাধি এবং কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের পর জাতীয় সংগীত, জাতীয় পতাকা উত্তোলন, একুশের গান এবং সংগীতের মধ্য দিয়ে শুরু হবে উত্সব। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ।
