গল্পটা সুরকার মুহিনের

আপডেট : ১৯ মে ২০২১, ২১:০৮

আনন্দ বিনোদন প্রতিবেদক

 

মুহিন খান, একজন সংগীতশিল্পী হিসেবেই সবার কাছে পরিচিত বেশি। কিন্তু সংগীতশিল্পীর বাইরে তিনি এখন একজন সুরকার হিসেবেও বেশ সুনাম কুড়াচ্ছেন। প্রতিনিয়তই তার সুর করা গান প্রবীণ-নবীন শিল্পীরা গাইছেন। যারা তাকে দিয়ে গান করাচ্ছেন তারাও তার সুরের প্রতিও আস্থা রাখছেন। যে কারণে গায়ক হিসেবে নিজেকে ব্যস্ত রাখার পাশাপাশি একজন সুরকার হিসেবেও মুহিন খান নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছেন। তার সুরে গান গেয়েছেন সৈয়দ আব্দুল হাদী, সুবীরনন্দী, ফাহমিদা নবী, কুমার বিশ্বজিত্, সামিনা চৌধুরী, রুমানা ইসলাম, কুমার শানু, রূপঙ্কর, শুভমিতাসহ বাংলাদেশের এই প্রজন্মেরও অনেক শিল্পী। মূলকথা,  একজন সুরকার হিসেবেও সুর সৃষ্টির দিক দিয়ে নিজের ভুবনটাকে এরইমধ্যে সমৃদ্ধ করেছেন তিনি অনেক শিল্পীর জন্য সুর সৃষ্টি করে। সুরকার হিসেবে তার এই পথচলাকে আরো সুগম করেছেন গীতিকার জামাল হোসেন। মূলত তার লেখা অধিকাংশ গানেরই সুর সৃষ্টি করেছেন মুহিন খান। জামাল হোসেনের কথায় করোনা নিয়ে সচেতনতামূলক গান, মা দিবসের গানসহ আরো অনেক গানের সুর সৃষ্টি করে সুরকার হিসেবে মুহিন খান বেশ প্রশংসিত হয়েছেন। এরইমধ্যে মুহিনের সুর করা জামাল হোসেনের লেখা রুমানা ইসলামের গাওয়া ‘একটা মন’ প্রকাশিত হয়েছে। মা দিবসের বিশেষ গান জামাল হোসেনের লেখা ও ঝিলিকের গাওয়া ‘মাগো তুমি’ও প্রকাশিত হয়েছে। প্রকাশিত হয়েছে জামাল হোসেনের লেখা ও মুহিনের সুর করা ‘ছড়াও আবীর’ গানটিও। সম্প্রতি প্রকাশিত এই তিনটি গানের জন্য বেশ প্রশংসিত হচ্ছেন মুহিন খান। তার সুর করা অনবদ্য গানে মুগ্ধ হচ্ছেন শ্রোতা-দর্শক। মুহিন প্রসঙ্গে গীতিকার জামাল হোসেন বলেন, ‘মুহিনের সুরের প্রতি শুরু থেকেই আমার প্রবল আস্থা ছিল, এখনো আছে। যে কারণে তাকে দিয়েই আমার অধিকাংশ গানের সুর করিয়ে থাকি। মুহিন তার প্রতি আমার আত্মবিশ্বাসের মর্যাদা দিচ্ছে প্রতিনিয়ত। এটাই আমার কাছে বেশ ভালো লাগার। আগামীতে আরো অনেক ভালো ভালো গান আসছে মুহিনের করা সুরে।’ মুহিন খান বলেন, ‘শুরুতেই আমি কৃতজ্ঞতা জানাই আমার ভক্ত-দর্শককে যে তারা আমার গানকে ভালোবাসেন। বিভিন্ন জায়গায় যখন স্টেজ শো’য়ে অংশ নেই শ্রোতা-দর্শকের সেই ভালোবাসা খুউব কাছে থেকে অনুভব করি। এই ভালোবাসাই অনেক বড় প্রাপ্তি। সুরকার হিসেবেও তাদের ভালোবাসা পাচ্ছি, এটাও অনেক ভালো লাগার। বিশেষ ধন্যবাদ জামাল হোসেন ভাইকে আমার ওপর আস্থা রাখার জন্য। সত্যি বলতে কি সুর সৃষ্টির অদম্য নেশায় এখন মগ্ন থাকি বেশি। এমন কিছু সুর সৃষ্টি করে যেতে চাই যেন সুরের মাঝেও আমাকে খুঁজে নিতে পারেন আমার ভক্ত-শ্রোতারা। অনেক বড় দায়িত্বের জায়গা থেকেই সুর সৃষ্টির কাজ করে যাচ্ছি।’ সুরকার হিসেবে মুহিন প্রথম জাহিদ আকবরের লেখা ও তার নিজের গাওয়া ‘এক পলকেই সব এলোমেলো’ গানের সুর করেন। জামাল হোসেনের লেখা গান প্রথম সুর করেন ‘মরীচিকা মন’র। এই গানটি মুহিনই গেয়েছিলেন।