ঈদে অল্প সময়ে মিলিয়ন ভিউয়ের নাটক

আপডেট : ১৯ মে ২০২১, ২১:০৮

আনন্দ বিনোদন প্রতিবেদক

 

মিজানুর রহমান আরিয়ান, আফরান নিশো ও তানজিন তিশা। তিনজনই টিভি ফিকশনের জন্য তুমুল জনপ্রিয়। যার প্রমাণ মিলল আবারও। এই ঈদে প্রকাশিত নাটকগুলোর ইউটিউব ভিউয়ের দৌড়ে দ্রুততম মিলিয়ন ভিউয়ের রেকর্ড গড়ল তাদের নাটক ‘তাকে ভালোবাসা বলে’। সিএমভি প্রযোজিত নাটকটি ইউটিউবে প্রকাশের মাত্র ২০ ঘণ্টায় মিলিয়ন ভিউ অতিক্রম করেছে। এই ঈদে এমন রেকর্ড আর একটিরও নেই। সিএমভি সূত্রে জানা যায়, ১৭ মে বিকেল ৩টায় সিএমভি’র ইউটিউব চ্যানেলে উন্মুক্ত করা হয় নাটকটি। পরদিন সকাল ১১টার দিকে সেটি ১ মিলিয়ন ভিউয়ের সীমা অতিক্রম করে। শুধু তাই নয়, নাটকটি দেখার পর ২৪ ঘণ্টায় দর্শকদের প্রায় ৫ হাজার কমেন্ট পড়েছে। যারমধ্যে ৯৯ ভাগই ভূয়সী প্রশংসা করেছেন গল্প, অভিনয় ও নির্মাণের। নির্মাতা মিজানুর রহমান আরিয়ান বলেন, ‘আমি দর্শকদের জন্য নির্মাণ করি। দর্শক কী চায়, সবসময় সেটা বোঝার চেষ্টা করি। বরাবরই আমি এই কথাটি বলি এবং বিশ্বাস করি। করোনার কারণে এই ঈদের জন্য তেমন কাজ করা হয়নি। লকডাউনে পড়ার ঠিক আগে আগে কাজটি শেষ করি। এটি প্রকাশের পর তুমুল সাড়া পাচ্ছি। দর্শকরা দেখছেন, প্রশংসা করছেন। দ্রুততম সময়ে এটি মিলিয়ন ভিউ ছাড়িয়েছে জেনে আরও ভালো লাগল। দর্শকদের প্রতি আমার আস্থা ও কৃতজ্ঞতা আরও বাড়ল।’ ‘তাকে ভালোবাসা বলে’ নাটকের গল্প লিখেছেন জোবায়েদ আহসান। এতে নিশো-তিশা ছাড়াও অভিনয় করেছেন দৈবনাথ সাহা, অর্ণব অন্তু, স্বর্ণলতা প্রমুখ।