সিনহুয়া
আফগানিস্তানের দুইটি প্রদেশে মঙ্গলবার রাতে ব্যাপক সংঘর্ষে দুই সেনা ও ১৭ তালেবান জঙ্গি নিহত হয়েছে। বুধবার দেশটির কর্তৃপক্ষ একথা জানিয়েছে।
জেলা প্রধান মোহমিন ওমরখেল সিনহুয়াকে বলেন, তালেবান জঙ্গিরা আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় কুন্দুজ প্রদেশে চাহার দেরা জেলায় আফগান জাতীয় প্রতিরক্ষা ও নিরাপত্তা বাহিনীর একটি টহল দলের ওপর হামলা চালায়। এতে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। জেলা প্রধান জানান, সেখানে সংঘর্ষে দুই সেনা ও তিন জঙ্গি নিহত হয়েছে। এছাড়াও এ সময় এক সেনা ও এক জঙ্গি আহত হয়। আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় কান্দাহার প্রদেশের ঝরি জেলায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আফগান সামরিক বাহিনী জঙ্গি-দমন অভিযান চালায়। এ সময় ১৪ তালেবান জঙ্গি নিহত ও চার জন আহত হয়।
