মনোনীত হলেও এখনই জহির রায়হানের নাম পাঠানো হবে না

আপডেট : ১৯ মে ২০২১, ২১:৫৬

স্পোর্টস রিপোর্টার

টোকিও অলিম্পিক গেমসে অ্যাথলেটিকসের জন্য জহির রায়হানের নাম মনোনীত করেছে বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশন। গতকাল জহির রায়হানের নাম ঘোষণা করা হয়। টোকিও অলিম্পিকে ৪০০ মিটার ইভেন্টে লড়াই করবেন জহির। তার নাম ফেডারেশন ঘোষণা করলেও জহির আদৌ অলিম্পিডকে যেতে পারবেন কি না, সেটা চূড়ান্ত নয়। কারণ বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন জহিরের নাম পেলেও এখনই টোকিও অলিম্পিক কমিটির কাছে পাঠাবে না। কারণ আন্তর্জাতিক অ্যাথলেটিক ফেডারেশনের কাছে জানতে চাইবে তারা কোনো ইভেন্টে ওয়াইল্ড কার্ড দেবে। শেখ বশির আহমেদ মামুন জানিয়েছেন ৪০০ মিটার ইভেন্টে ওয়াইল্ড কার্ড না পাওয়া গেলে সুযোগটাই নষ্ট হবে।

জানা গেছে বিওএ মৌখিকভাবে বাংলাদেশ গেমসের ১০০ মিটার স্প্রিন্টে দেশের দ্রুততম মানব ইসমাইল এবং দ্রুততম মানবী শিরিন আক্তারের নাম দিতে বলেছিল। কিন্তু অ্যাথলেটিকস ফেডারেশন সেটা করেনি। ফেডারেশন তার সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে জহির, শিরিন এবং ইসমাইলের দেশীয় এবং আন্তর্জাতিক পারফরম্যান্সের ভিত্তিতে জহিরকে মনোনীত করা হয়েছে। আর বিওএ সূত্র বলছে জহির এবার বাংলাদেশ গেমসেই অংশগ্রহণ করেনি। বিষয়টি পরিষ্কার করতে অ্যাথলেটিক ফেডারেশনের সাধারণ সম্পাদক আব্দুর রকিব মন্টুর সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে সাড়া পাওয়া যায়নি।