মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান ইউনিয়নের উদনার পাড় ব্রিজের নিচ থেকে উদ্ধার করা বস্তাবন্দি লাশের পরিচয় মিলেছে। লাশটি ডলি আক্তার নামের এক নারীর। তার বাড়ি ঝিনাইদহ জেলায়। এ ঘটনায় মূল আসামি তার স্বামী মসুদ মিয়াকে আটক করেছে পুলিশ। গতকাল বুধবার নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে মৌলভীবাজারের পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া এ তথ্য জানান। বিকালে আসামিকে হাজির করা হয় আদালতে।
পুলিশ জানায়, লাশভর্তি বস্তার গায়ে ‘মো. অনিক, শ্রীমঙ্গল’ লিখা ছিল। ১৩ ঘণ্টার মধ্যে রহস্য উদ্ঘাটন করে ঘাতক স্বামীকে আটক করা হয়। সাত মাস আগে শ্রীমঙ্গলের রামনগর এলাকার মসুদ মিয়া ঝিনাইদহ সদর উপজেলার বধনপুর গ্রামের ডলি আক্তারকে বিয়ে করে। ঝগড়ার জের ধরে ১৭ মে রাতে স্ত্রীকে শ্বাসরুদ্ধ করে হত্যার পর বস্তাবন্দি করে একটি অটোরিকশা করে ব্রিজের নিচে ফেলে আসে মসুদ।
সংবাদ সম্মেলনে জানানো হয়, বস্তায় ‘অনিক’ লেখার সূত্র ধরে শ্রীমঙ্গল শহরের সাইফুর রহমান মার্কেটের পুরাতন কাপড় ব্যবসায়ী অনিক এবং তার ভাই জুয়েল মিয়াকে শনাক্ত করা হয়। তারা জানান, ১৮ মে রাতে মসুদ মিয়া একটি বস্তা চা-পাতা ভরার কথা বলে তাদের কাছ থেকে নিয়ে যান। ঘাতক মসুদ মিয়া একজন সুদের ব্যবসায়ী। সিন্দুরখান রোডে ডলি আক্তারকে নিয়ে থাকতেন।
এর আগে মঙ্গলবার সকালে উদনার পাড় ব্রিজের নিচে একটি মুখ বাঁধা বস্তা দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ বস্তাটি উদ্ধার করে ভেতরে এক তরুণীর লাশ দেখতে পায়।
