রাজধানীর মিরপুরের একটি বাসা থেকে আজ বুধবার (১৯ মে) বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মাহমুদুল হক ওরফে রকি (২৫) নামের এক শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার বিকেলে মিরপুরের ২ নম্বর সেকশনের জি ব্লকের ১ নম্বর সড়কের ১১ নম্বর বাড়ি থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। বাড়ির দোতলায় তিনিসহ চারজন মেস করে থাকতেন। মিরপুর থানার পরিদর্শক (তদন্ত) সৈয়দ আখতার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
মিরপুর থানার পরিদর্শক (তদন্ত) সৈয়দ আখতার হোসেন বলেন, ঘটনাস্থল থেকে একটি ‘সুইসাইড নোট’ পাওয়া গেছে। সেখানে তিনি মৃত্যুর জন্য কাউকে দায়ী করেননি। চিরকুটে লেখা রয়েছে, মানসিক যন্ত্রণা থেকেই আত্মহত্যা করেছেন তিনি। ঘটনাটি আত্মহত্যা বলেই ধারণা করা হচ্ছে।
মাহমুদুলের সঙ্গে থাকা তিনজন ঈদের ছুটিতে বাড়িতে গেলেও তিনি একা বাসায় ছিলেন। আজ সকালে তার এক রুমমেট এসে চাবি দিয়ে দরজা খুলে ভেতরে সিলিং ফ্যানের সঙ্গে গলায় দড়ি প্যাঁচানো অবস্থায় ঝুলতে দেখেন। পরে মিরপুর থানায় খবর দিলে পুলিশ এসে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে।
পুলিশের ধারণা, তিন দিন আগে মাহমুদুলের মৃত্যু হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। মাহমুদুলের গ্রামের বাড়ি মাগুরা সদর উপজেলায়। তার বাবার নাম এ কে এম রেজাউল হক।
ইত্তেফাক/এএইচপি
