লৌহজং উপজেলার কলমা এলাকায় গতকাল বুধবার বিকালে পদ্মা নদীতে এক শিশুকে উদ্ধার করতে গিয়ে আব্দুল কাদের নামে এক যুবকের মৃত্যু হয়েছে। স্থানীয়রা আব্দুল কাদেরের লাশ উদ্ধার করেছে। এ ঘটনায় মরিয়ম (৭) নামের এক শিশু নিখোঁজ রয়েছে। মরিয়মকে উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে শ্রীনগর ফায়ার স্টেশনের ডুবুরি ও মাওয়া নৌপুলিশ।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বেলা ৩টার দিকে পদ্মা নদীতে গোসল করতে নামে মরিয়ম (৭) ও তার বোন সিনথিয়া (১২), তানজিলা (৮), সুলতানাসহ (১৩) বেশ কয়েক জন। এ সময় সিনথিয়া ও মরিয়ম ডুবে যেতে থাকলে নারায়ণগঞ্জের জালকুড়ি এলাকা থেকে ঘুরতে আসা কয়েক বন্ধুর মধ্যে রেজাউল নামের একজন সিনথিয়াকে এবং আব্দুল কাদের নামের অন্য বন্ধু মরিয়মকে উদ্ধার করতে নদীতে ঝাঁপ দেন। রেজাউল সিনথিয়াকে উদ্ধার করতে পারলেও মরিয়ম ও আব্দুল কাদের দুজনই নদীর প্রচন্ড স্রোতে ডুবে যায়। পরে স্থানীয়রা চেষ্টা চালিয়ে আব্দুল কাদেরের (২৫) লাশ উদ্ধার করতে পারলেও মরিয়ম নিখোঁজ রয়েছে।
শ্রীনগর ফায়ার স্টেশনের অফিসার দেওয়ান আফজাল হোসেন ও মাওয়া নৌপুলিশ স্টেশনের এসআই আব্দুর রহিম জানান, প্রচণ্ড স্রোত ও বাতাসের কারণে উদ্ধারকাজে বিঘ্ন ঘটছে। আব্দুল কাদেরের বাড়ি নারায়ণগঞ্জের জালকুড়ির খিলপাড়া এলাকায়। মরিয়ম লৌহজংয়ের পশ্চিম নওপাড়া গ্রামের মিনার হোসেনের কন্যা। রাত সাড়ে ৯টায় উদ্ধারকাজ স্থগিত করা হয়। উদ্ধারকাজ আজ বৃহস্পতিবার আবার শুরু হবে।
