গাজায় নির্বিচারে হত্যাকাণ্ডের প্রতিবাদে নিউইয়র্কে বিক্ষোভ সমাবেশ

আপডেট : ২০ মে ২০২১, ১১:৪৮

ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসন এবং নির্বিচারে মানুষ হত্যার প্রতিবাদে নিউইয়র্কে বিক্ষোভ সমাবেশ হয়েছে। বুধবার সন্ধ্যায় নিউইয়র্কের জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজায় অনুষ্ঠিত এ সমাবেশের আয়োজন করে সিভিল সোসাইটি নিউইয়র্ক নামে প্রবাসী বাংলাদেশিদের একটি অরাজনৈতিক সংগঠন।

ঘাতক দালাল নির্মূল কমিটি যুক্তরাষ্ট্র শাখা, সম্মিলিত সাংস্কৃতিক জোট উত্তর আমেরিকা, উদীচী যুক্তরাষ্ট্র শাখা, নিউইয়র্কের গণজাগরণ মঞ্চ, প্রোগ্রেসিভ ফোরামসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা সমাবেশে অংশ নেন। তারা চলমান সংঘাত বন্ধের দাবি জানানোর পাশাপাশি ফিলিস্তিন ও ইসরাইলের মধ্যে শান্তিপূর্ণ পরিবেশ ফিরিয়ে আনতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন, জাতিসংঘ এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি নিরপেক্ষ ভূমিকা পালনের আহ্বান জানান।

সমাবেশে বক্তব্য দেন প্রোগ্রেসিভ ফোরামের সভাপতি খোরশেদুল ইসলাম, যুক্তরাষ্ট্র উদীচীর সভাপতি জীবন বিশ্বাস, নব্বইয়ের ছাত্র সংগ্রাম পরিষদের কেন্দ্রীয় ছাত্রনেতা শাহাবউদ্দিন, ঘাতক দালাল নির্মূল কমিটি যুক্তরাষ্ট্র শাখার সভাপতি ফাহিম রেজা নূর ও স্বীকৃতি বড়ুয়া, সম্মিলিত সাংস্কৃতিক জোট উত্তর আমেরিকার আহ্বায়ক মিথুন আহমেদ, জাসদ যুক্তরাষ্ট্র শাখার সাধারণ সম্পাদক নূরে আলম জিকু, সাবেক ছাত্রনেতা জাকির হোসেন বাচ্চু ও সামাদ চৌধুরী এবং আয়োজকদের পক্ষে সাংবাদিক সনজীবন কুমার ও তোফাজ্জল লিটন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাংবাদিক মুজাহিদ আনসারী।

প্রতিবাদ সমাবেশ থেকে প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামের মুক্তি এবং তার বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়।

ইত্তেফাক/এমআর