অনেকদিন পর এক ছবিতে অপু-মিশা

আপডেট : ২০ মে ২০২১, ১৯:৪৭

একে তো ইন্ডাস্ট্রিতে নানা সংকট, এর ভেতরে গত দেড় বছরের এই অতিমারির আক্রমণে চলচ্চিত্রাঙ্গন একেবারেই থমকে যেতে বসেছে। সিনেমা হলে মুক্তি দেওয়ার আশায় ভালো একটি দিন গুনতে গুনতে এ যাবত্ প্রায় ২০টি ছবি তাদের তারিখ পরিবর্তন করেছে। এর ভেতরে ঈদের পরই অপু বিশ্বাস ফিরলেন নিজের ছন্দে। এফডিসিতে গত কয়েকবছর একাধিকবার এসেছেন ভিন্ন ভিন্ন কাজে। তবে এবার এলেন নতুন চলচ্চিত্রের কাজে। ‘প্রেম প্রীতির বন্ধন’ নামের একটি চলচ্চিত্রে নবাগত জয়ের সঙ্গে পর্দা জুটি হলো তার। এই ছবিতে আরো একটি গুরুত্বপূর্ণ চরিত্রে কাজ করছেন শক্তিমান অভিনেতা মিশা সওদাগর। মিশা সওদাগরও দীর্ঘদিন তার চলচ্চিত্র শিল্পী সমিতির নানা সংকট-বয়কট পেরিয়ে স্বরূপে হাজির হলেন। অপু বিশ্বাস বলেন, ‘আমার মূল পরিচয় একজন অভিনয়শিল্পী। সেক্ষেত্রে আমি সবসময়ই বলে এসেছি যে, ভালো মানের বড় অ্যারেঞ্জমেন্টের কাজ ছাড়া আমি করতে চাই না। এ কারণেই এই বিরতি। হুটহাট করে অনেকগুলো ছবিতে সাইন করাই যায়। এই ছবিটি ভালো মানের একটি প্রডাকশন হতে যাচ্ছে এটাই আমার ও দর্শকদের জন্য আনন্দের বিষয়।’

অন্যদিকে মিশা সওদাগর বলেন, ‘ভালো একটি কাজ করার ক্ষুধা তো বরাবরই আমার মনের ভেতর। অনেকদিন পরে হলেও একটি ভালো টিমের সঙ্গে কাজ করছি। ভালো কিছু উপহার দিতে যাচ্ছি দর্শকদের। এটাই একজন শিল্পীর আনন্দ।’