চুলায় পাতিল, তাতে জল, মোটাচাল
চুলার ভেতরে খড়কুটো আর ডাল
সেসব পুড়ছে ধীরে ভাত হবে তাই
গরম ভাতের বাস আমি ঠিক পাই
পেঁচিয়ে যে ধোঁয়া ওঠে তারও থাকে ঘ্রাণ
শিহরিত হয় তাতে দেহ আর প্রাণ।
আগুন যতোই মাতে ভাতে লাগে তাপ
ভাতের বলক দেয় আমাকেও ভাপ
বাতাসে গন্ধ ভাসে গরম ভাতের
চাঁদ-তারা জ্বলে ওঠে আঁধার রাতের
সানকিতে এই ভাত যেন ফোটা ফুল
হয়তো গন্ধরাজ নয়তো বকুল।
ছেলে আর মেয়ে ঘিরে থাকবে তো মাকে
বাতাসে ভাতের ঘ্রাণ যেন লেগে থাকে।
