দুই প্রজন্মের সঙ্গে বুফনের শিরোপা জেতার গল্প

আপডেট : ২০ মে ২০২১, ২১:২১

সাসোউলোর মাঠে শক্তিশালী আটালান্টাকে হারিয়ে ১৪তম কোপা ইতালিয়ার শিরোপা ঘরে তুলল জুভেন্টাস। দুই বছর পর তুরিনের বুড়িদের ঘরোয়া এই শিরোপা পুনরুদ্ধারের দিনে আলোচনায় অবশ্য কিয়েসা পরিবারের দুই প্রজন্মের সঙ্গে বুফনের শিরোপা জেতার গল্প। ২২ বছর আগে ১৯৯৯ সালে জুভেন্টাসের হয়ে প্রথম কোপা ইতালিয়ার শিরোপা জিতেছিলেন কিংবদন্তি গোলকিপার জিয়ানলুইজি বুফন। বুধবার রাতে জিতলেন ষষ্ঠ ও শেষবারের মতো। তবে তার এই প্রথম ও শেষের দারুণ একটি মিল ইতিহাসে চিরঅম্লান হয়েই থাকবে।

১৯৯৯ সালে জুভেন্টাসের হয়ে বুফন যখন কোপা ইতালিয়া জেতেন, তখন তার খুব কাছের সতীর্থ ছিলেন এনরিকো কিয়েসা। আর এই মৌসুম শেষে জুভেন্টাস ছাড়তে যাওয়া বুফন বাইয়ানকোনেরিদের হয়ে নিজের শেষ কোপা ইতালিয়া ট্রফি উদ্যাপনের সময় সতীর্থ হিসেবে পাশে পেলেন সেই এনরিকোর ছেলে ফেদেরিকোকে! দলগতভাবে খুব বাজে সময়ের মধ্য দিয়ে যাওয়া জুভেন্টাসের এটাই এই মৌসুমের বলার মতো কোনো সাফল্য। এখনো চ্যাম্পিয়ন্স লিগে অনিশ্চিত ক্লাবটি ফাইনালে আটালান্টার বিপক্ষে শুরুতেই এগিয়ে যায়। ৩১ মিনিটে পেনাল্টি বক্সের ডান প্রান্ত থেকে বাঁ পায়ের শটে গোলকিপারের ডান পাশ দিয়ে বল জালে জড়ান ডেয়ান কুলুসেভস্কি। প্রথমার্ধেই অবশ্য সমতায় ফেরে জিয়ান পিয়েরো গাসপেরিনির দল। রুসলান মালিনোভস্কির গোলার মতো শট পরাস্ত করে বুফনকে। বুফনের সঙ্গে শিরোপা জিতে ইতিহাস গড়া ফেদেরিকো নিজেও পেয়েছেন গোলের দেখা। ৭৩ মিনিটে লক্ষ্যভেদ করে জুভে কোচ আন্দ্রেয়া পিরলোকে স্বস্তি এনে দেন তিনি। বুধবার ছিল ইতালির সাবেক এই কিংবদন্তির জন্মদিনও। আর নিজের জন্মদিনে কোচ হিসেবে প্রথম শিরোপার ছোঁয়াও পেলেন পিরলো। ভুলে যাওয়ার মতো একটি মৌসুম শেষের আগে ট্রফি জিতে বাঁধভাঙা উল্লাসে মাতে জুভেন্টাস। আর ফাইনাল জয়ের অন্যতম নায়ক ফেদেরিকো জানালেন, করোনায় হাসতে ভুলে যাওয়া মানুষের মুখে হাসি ফিরিয়ে আনতে পারাটাই তাদের সাফল্যকে অর্থবহ করে তুলেছে।