কুমিল্লা হাকিমপুর ও শিবগঞ্জে ভারত ফেরত ২০০ যাত্রী কোয়ারেন্টাইনে

আপডেট : ২০ মে ২০২১, ২১:৩৬

কুমিল্লা হাকিমপুর ও শিবগঞ্জে ভারতফেরত ২০০ জনকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এদিকে যশোরে ভারতফেরত দুই শিশুর করোনা শনাক্ত হয়েছে। খবর আমাদের অফিস, প্রতিনিধি ও সংবাদদাতাদের।

কুমিল্লা : করোনা সংক্রমণের ভয়াবহ পরিস্থিতিতে লকডাউনের মধ্যে ভারত থেকে সীমান্তপথে বাংলাদেশে ফেরত আসা দেড় শতাধিক যাত্রীকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। তাদের মধ্যে অধিকাংশ যাত্রী ঢাকা জেলার। বৃহস্পতিবার পর্যন্ত গত তিন দিনে ভারতফেরত এসব ব্যক্তিকে কুমিল্লার বিভিন্ন আবাসিক হোটেলে কোয়ারেন্টাইনে রাখা হয়। ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া স্থলবন্দর হয়ে তারা দেশে ফেরেন।  

হাকিমপুর (দিনাজপুর) : ভারতে আটকে পড়া আরো ১২ বাংলাদেশি পাসপোর্ট যাত্রী দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি স্থলবন্দর দিয়ে দেশে ফিরেছেন। গতকাল সকাল থেকে বিকাল ৪টা পর্যন্ত তারা হিলি স্থলবন্দর দিয়ে প্রবেশ করেন। 

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) : দেশের দ্বিতীয় বৃহত্তর স্থলবন্দর  শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ স্থলবন্দর দিয়ে গতকাল দুপুরে ভারত থেকে ফিরে আসা আরো ১১ জনকে ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দিলেন জেলা সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল ইসলাম।

যশোর: যশোরে ভারতফেরত দুই শিশুর করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে এক জন ১১ বছর এবং অন্যজন ছয় মাস বয়সি। তাদের যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি করা হয়েছে।