প্রেমের ফাঁদে ফেলে স্কুলছাত্রীকে ধর্ষণ

আপডেট : ২১ মে ২০২১, ২১:০৯

খাগড়াছড়ির মানিকছড়িতে প্রেমের ফাঁদে ফেলে ৯ম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে রাসেল হোসেন (২২) নামে এক যুবককে পুলিশ গ্রেফতার করেছে। বৃহস্পতিবার (২০ মে) রাতে গ্রেফতার হওয়ার পর শুক্রবার (২১ মে) আদালতের মাধ্যমে তাকে খাগড়াছড়ি কারাগারে পাঠানো হয়েছে। 

অভিযুক্ত রাসেল মানিকছড়ির তিনটহরী ইউনিয়নের জামাল হোসনের ছেলে। মানিকছড়ি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ভিকটিমের বড় ভাইয়ের  দায়ের করা মামলায়  পুলিশ রাসেলকে গ্রেফতার করে। 

পুলিশ  ও স্থানীয়রা জানায়, অভিযুক্ত রাসেল হোসেন স্থানীয় একটি হাই স্কুলের ৯ম শ্রেণির এক ছাত্রীর সাথে প্রেমের সম্পর্ক স্থাপন করে। প্রেমের ফাঁদে ফেলে বিয়ের প্রলোভন দেখিয়ে সে ঐ ছাত্রীকে বিভিন্ন  সময় ধর্ষণ করে। সর্বশেষ গত ১৯ মে গভীর রাতে ফুসলিয়ে ঐ ছাত্রীকে ঘর থেকে ডেকে এনে নির্জন স্থানে ধর্ষণ করে। এসময় ঘটনাটি এক প্রতিবেশি দেখে ফেললে রাসেল পালিয়ে যায়। পরে এটি জানাজানি হলে স্থানীয় মুরব্বিরা জনপ্রতিনিধির মাধ্যমে সালিশের আয়োজন করেন। বৃহষ্পতিবার এ গ্রাম্য সালিশে অভিযুক্ত যুবক রাসেল প্রেমের কথা স্বীকার করলেও ধর্ষণের অভিযোগ পুরোপুরি অস্বীকার করে। তাই সালিশে উপস্থিত মুরুব্বিগণ বিষয়টি থানায় অভিযোগ করার জন্য ছাত্রীর অভিভাবককে পরামর্শ দেন। 
 
মানিকছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আমির হেসেন বলেন, ঐ ছাত্রীকে আসামি রাসেল প্রেমের ফাঁদে ফেলে বিয়ে প্রলোভন দেখিয়ে বহুবার ধর্ষণ করেছে।   প্রাথমিক তদন্তেও এর প্রমাণ পাওয়া গেছে। ভিকটিমের ভাই বাদি হয়ে মামলা করেছেন। তিনি আরও জানান, ডাক্তারি পরীক্ষার জন্য ভিকটিমকে শুক্রবার খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আসামি রাসেল হোসেনকে খাগড়াছড়ি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে আদালত তাকে জেলা কারাগারে  প্রেরণ করেন।

ইত্তেফাক/এসজেড