কালকিনিতে ধান কাটা নিয়ে সংঘর্ষে অর্ধশত ঘর ভাঙচুর, আহত ২০

আপডেট : ২১ মে ২০২১, ২১:১৯

বর্তমান ও সাবেক দুই চেয়ারম্যানের দ্বন্দ্ব

কালকিনি (মাদারীপুর) সংবাদদাতা

উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের বর্তমান ও সাবেক চেয়ারম্যানের সমর্থকদের মধ্যে ধান কাটা নিয়ে সংঘর্ষে নারীসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। গত বৃহস্পতিবার সকালে, বিকালে ও গতকাল শুক্রবার দফায় দফায় ইউনিয়নের রায়পুর ভাটবালি ও চরজগমোহন মিস্ত্রিকান্দি এলাকায় সংঘর্ষের এ ঘটনা ঘটে। আহতের মধ্যে সোবাহান জমাদ্দার (৪৫) নামে এক বাকপ্রতিবন্ধীকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

জানা গেছে, ইউপির বর্তমান চেয়ারম্যান তোফাজ্জেল হোসেন গেন্দু কাজীর সঙ্গে একই ইউপির সাবেক চেয়ারম্যান মো. ফজলুল হক বেপারির দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জের ধরে বৃহস্পতিবার দুপুরে ধান কাটা নিয়ে ইউপি চেয়ারম্যান গেন্দু কাজীর নেতৃত্বে তার লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সাবেক চেয়ারম্যান মো. ফজলু বেপারির পক্ষের লোকজনের ঘরবাড়ি ভাঙচুর ও লুটপাট চালায়। এরপর বিকালে অপর পক্ষের দোকানপাট ভাঙচুর করা হয়। আহত সোবাহানের স্ত্রী হোসনে আরা বেগম জানান, ‘গেন্দু চেয়ারম্যানের লোকজন আমার সামনে আমার বোবা স্বামীকে কোপাইয়া মারতে চাইছে। আমি এর সঠিক বিচার চাই।’ এক দোকানদার নাম প্রকাশে অনিচ্ছুক জানান, এখানে একটি পুলিশ ফাঁড়ি প্রয়োজন। মারামারি হলে পুলিশ আসতে আমাদের সব শেষ হয়ে যায়।

সাবেক চেয়ারম্যান ফজলুর হক বেপারী বলেন, ‘গেন্দু বিএনপির নেতা ছিলেন। এখন নব্য আওয়ামী লীগ করেন। তিনি ও তার লোকজন আমার সমর্থক এক নিরীহ বাকপ্রতিবন্ধীকে কুপিয়ে আহত করেছেন।’ গেন্দু কাজী বলেন, ‘ফজলুর নির্দেশে তার লোকজন আমাদের নেতাকর্মীদের ওপর হামলা করেছে। ঐ বোবা লোকটির বাড়ির পাশের ব্রিজটি ভেঙে ফেলেছে।’

কালকিনি থানার ওসি ইশতিয়াক আসফাক রাসেল বলেন, শুনেছি ধান কাটা নিয়ে দুই গ্রুপের দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এখন পরিস্থিতি শান্ত রয়েছে। এর আগেও হামলা ও বিস্ফোরণের মামলায় ঐ দুই চেয়ারম্যানকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে।