ওসমানীনগরে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে ইউনুছ আলী (২২) নামের এক যুবক খুন হয়েছেন। গত বুধবার রাতে উপজেলার দক্ষিণ তাজপুর এলাকায় সিলেট-ঢাকা মহাসড়ক সংলগ্ন তার ব্যবসা প্রতিষ্ঠানে ওই যুবক খুনের শিকার হন। নিহত যুবক সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার বাঘা ইউনিয়নের খালপাড় গ্রামের মৃত রিয়াছদ আলীর ছেলে।
বৃহস্পতিবার সকালে ওসমানীনগর থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার ও সুরতহাল সম্পন্ন করে ময়না তদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। এদিকে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকতারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
আরও পড়ুনঃ ৮ ফেব্রুয়ারির জনসভার জন্য পুলিশকে চিঠি দিয়েছে বিএনপি
ওসমানীনগর থানার অফিসার ইনচার্য (ওসি) এসএম আল মামুন খুনের সত্যতা স্বীকার করে বলেন, ‘মায়ের দোয়া সিট সেন্টার’ নামের ব্যবসা প্রতিষ্ঠানের মালিক ইউনুছ মিয়া বুধবার মধ্যরাতে প্রতিদিনের ন্যায় ব্যবসা প্রতিষ্ঠানে ঘুমাতে যান। বৃহস্পতিবার সকালে দোকান কর্মচারী দোকানের ভিতরে তার মৃত দেহ পড়ে থাকতে দেখেন। লাশটি খাটের ওপরে কম্বল দিয়ে মোড়ানো ছিল এবং মাথার পেছন দিকে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিক ভাবে ধারণা করা যাচ্ছে রাতের কোনো এক সময় তিনি হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। এই ঘটনায় থানায় নিহতের ভাই মোজাম্মেল হোসেন বাদি হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন। হত্যাকাণ্ডে জড়িতদের চিহ্নিত করে গ্রেফতারের চেষ্টা চলছে।’
ইত্তেফাক/নূহু
