এএফপি
চীনা বংশোদ্ভূত অস্ট্রেলীয় শিক্ষাবিদ ও লেখক ইয়াং জুন গুপ্তচরবৃত্তির অভিযোগে আগামী সপ্তাহে বিচারের মুখোমুখি হতে যাচ্ছেন। দুই বছরেরও বেশি সময় বন্দি থাকার পর তার বিরুদ্ধে এ বিচার শুরু করা হচ্ছে। অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী এই তথ্য নিশ্চিত করেছেন।
ক্যানবেরা ও বেইজিংয়ের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ার প্রেক্ষাপটে ইয়াং হচ্ছেন গুপ্তচরবৃত্তির অভিযোগে চীনে বন্দি থাকা উচ্চ পর্যায়ের দুই অস্ট্রেলীয় নাগরিকের একজন। শুক্রবার রাতে এক বিবৃতিতে অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী মরিজ পেনি বলেন, আগামী বৃহস্পতিবার ইয়াংয়ের বিচার শুরু হবে। তার ছদ্মনাম ইয়াং হেংজুন। পেনি বলেন, ‘অস্ট্রেলিয়ার কর্মকর্তারা বারবার অনুরোধ জানানো সত্ত্বেও চীনা কর্তৃপক্ষ ড. ইয়াংয়ের বিরুদ্ধে আনা অভিযোগের কোনো ব্যাখ্যা বা প্রমাণপত্র দেয়নি।’
পেনি এ বিচারকার্য দেখতে অস্ট্রেলিয়ার কর্মকর্তাদের আদালতে প্রবেশের অনুমতি দেওয়ার আহ্বান জানিয়েছেন।
