গণমাধ্যমের মুখোশ পরা বন্ধু সেজে বিএনপি সরকারবিরোধী উসকানি দিচ্ছে :কাদের

আপডেট : ২২ মে ২০২১, ২২:৪৮

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেছেন, যারা গণমাধ্যম ও মুক্ত সাংবাদিকতার বিরুদ্ধে দানবীয় আচরণ করেছিল, তারাই এখন গণমাধ্যমের মুখোশ পরা বন্ধু সেজে সরকার বিরোধী উসকানি দিচ্ছে। গতকাল শনিবার সকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে মত্স্যজীবী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত আলোচনাসভায় এসব কথা বলেন। ওবায়দুল কাদের তার সরকারি বাসভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে আরো বলেন, জনগণ বিএনপি নামক বর্ণচোরা দলটিকে ভালো করে চেনে।

২০০১ সালে ক্ষমতায় এসে বিএনপি জোট যে দানবীয় অত্যাচার চালিয়েছিল তা দেশের মানুষ এখনো ভুলে যায়নি উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, এ দেশে হত্যা, সন্ত্রাস ও ষড়যন্ত্রের রাজনীতির ধারক ও বাহক বিএনপি। তারা এখনো সে ধারাবাহিকতা বজায় রেখেছে। আন্দোলনের সক্ষমতা হারানো বিএনপি নামক একটি দল এখন উসকানিদাতার ভূমিকায় অবতীর্ণ হয়েছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, এর আগে তারা শিক্ষার্থীদের সড়ক আন্দোলন, কোটা সংস্কার আন্দোলন, ভাস্কর্য বিরোধী আন্দোলনে প্রত্যক্ষ ও পরোক্ষ মদদ দিয়েছিল। মত্স্যজীবী লীগের সভাপতি           সায়ীদুর রহমানের সভাপতিত্বে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, কেন্দ্রীয় কমিটির সদস্য এ বি এম রিয়াজুল কবির কাওছার ও শাহাবুদ্দীন ফরাজী, মত্স্যজীবী লীগের সাধারণ সম্পাদক শেখ আজগর নস্কর প্রমুখ বক্তব্য রাখেন।