দুবাইয়ের নিখোঁজ রাজকুমারীর ছবি হঠাত্ ইনস্টাগ্রামে

আপডেট : ২২ মে ২০২১, ২৩:৪৬

গত কয়েক মাস ধরে যার খোঁজ পাওয়া যায়নি দুবাইয়ের শাসকের সেই কন্যা প্রিন্সেস লতিফার একটি ছবি সামাজিক মাধ্যমে দেখা গেছে। গত ফেব্রুয়ারিতে প্রিন্সেস লতিফা তার পিতার বিরুদ্ধে তাকে জিম্মি করে রাখার অভিযোগ এনে বলেছিলেন, তিনি তার জীবন নিয়ে ভয়ে আছেন। বিবিসির প্যানোরামা অনুষ্ঠানে তার সেই ভিডিও বিবৃতি প্রচারিত হয়েছিল। এরপর এই প্রথম সোশাল মিডিয়াতে তার একটি ছবি পোস্ট করা হলো। প্রিন্সেস লতিফা হচ্ছেন দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের ২৫ ছেলেমেয়ের একজন। ইনস্ট্রাগ্রামে পোস্ট করা ওই ছবিতে দেখা যায়, নিখোঁজ ওই প্রিন্সেস দুবাইয়ের একটি মলে তার দুই বন্ধুর সঙ্গে বসে আছেন। সঙ্গে কিছু মন্তব্য আছে যে তারা একটি দারুণ উপভোগ্য সন্ধ্যা কাটিয়েছেন। ছবিটি সত্যি হলে প্রিন্সেস লতিফা যে এখনো বেঁচে আছেন তার প্রমাণ।