ঘরে বসে ব্যবসায় সাফল্য

আপডেট : ২৩ মে ২০২১, ১৯:৩১

  মো. হাছিবুল বাসার

 

জীবন সুন্দর। তার চেয়ে সুন্দর জীবনের স্বপ্নগুলো। জীবন থেমে থাকার জন্য নয়। হতাশা, ক্রোধকে ভুলে কঠোর পরিশ্রম, মেধা ও অনুপ্রেরণা দিয়ে যে জীবনকে জয় করা সম্ভব তার উজ্জ্বল দৃষ্টান্ত বোধ হয় লুবনা ইয়াসমিন। নিজের স্বামী ও দুই মেয়েকে ঠিক যতটুকু সময় দেন তার চেয়ে বেশি সময় দেন নিজের ই-কমার্স ফেসবুক পেইজ ‘বঙ্গললনা’কে। দুই কন্যাসন্তানের এই জননী স্নাতকোত্তর শেষে যখন চাকরির আশায় দ্বারে দ্বারে ঘুরতে গিয়ে নিজের মধ্যে হতাশা আবিষ্কার করলেন, ঠিক তখনই উদ্যোক্তা হওয়া স্বপ্ন মাথায় চাপে। এরপর স্বামীর অনুপ্রেরণায় নিজেকে একজন সফল নারী উদ্যোক্তা হিসেবে গড়ে তুললেন। বঙ্গললনা ফেসবুক পেইজ তার জীবনকে নিয়ে গেল এক অনন্য উচ্চতায়।

মাত্র ৩০ হাজার টাকা দিয়ে শুরু করে বর্তমানে প্রায় ১৫ লক্ষাধিক টাকার পুঁজি করেছেন। প্রতি মাসে আয় করছেন ৫০ থেকে ৬০ হাজার টাকা। এমনটাই জানান নবীন উদ্যোক্তা বঙ্গললনার স্বত্বাধিকারী লুবনা ইয়াসমিন। অনার্স দ্বিতীয় বর্ষে থাকাকালীন বিয়ের পীড়িতে বসতে হয় তাকে। কিন্তু সংসার ও সন্তান লালনপালনের পাশাপাশি সফলতার সঙ্গে চালিয়ে যান পড়াশোনা। ঢাকার ইডেন কলেজ থেকে কৃতিত্বের সঙ্গে সম্পন্ন করেছেন স্নাতক ও স্নাতকোত্তর।

চাকরির আশায় বসে না থেকে লুবনা উইয়ের মাধ্যমে শুরু করেছেন অনলাইন ব্যবসা। ‘বঙ্গললনা’ নামে ফেসবুক পেইজ খুলে দেশীয় শাড়ি-পাঞ্জাবি ও ফ্যামিলি ম্যাচিং ড্রেস, থ্রিপিস, কামিজ ও বাচ্চাদের ড্রেসের বিজ্ঞাপন আপলোড দিতে থাকেন। ধীরে ধীরে অর্ডার আসতে থাকে। সেই সঙ্গে মানুষের চাহিদাও বাড়তে থাকে; ফলে জনপ্রিয় হয়ে উঠতে থাকে ‘বঙ্গললনা’ পেইজ।

উদ্যোক্তা হওয়ার বিষয়ে তিনি বলেন, ‘২০২০ সালের শুরুর দিকে হঠাত্ করেই আমি নিজের জন্য কেনা শাড়ি, থ্রিপিস ‘বঙ্গললনা’ পেইজ খুলে সেখানে আপলোড করি। সকালে ঘুম থেকে উঠেই আমি অবাক হয়ে যাই। দেখি অর্ডার এসেছে। মূলত সেখান থেকেই ধীরে ধীরে আমার যাত্রা শুরু।’ ব্যবসায় সফলতার বিষয়ে ইয়াসমিন বলেন, ‘সব প্রতিকূল পরিস্থিতিকে অনুকূলে আনা আমার একার পক্ষে সম্ভব ছিল না। মা-বাবা, স্বামী ও আত্মীয়স্বজনের সহযোগিতায় আমার এ পথ চলা।’