করোনার ভারতীয় ভ্যারিয়েন্টের বিরুদ্ধে লড়তে সক্ষম ফাইজার ও অ্যাস্ট্রাজেনেকার টিকা

আপডেট : ২৪ মে ২০২১, ০০:০৯

ফাইজার ও অ্যাস্ট্রাজেনেকা উদ্ভাবিত করোনা ভাইরাসের টিকার দুটি ডোজ ভারতীয় ভ্যারিয়েন্ট ঠেকাতে সক্ষম বলে এক গবেষণায় বেরিয়ে এসেছে। এ দুটি টিকার যে কোনোটির দুই ডোজ নেওয়া হলে তা কেন্ট ওয়ান ভ্যারিয়েন্টের মতো (ইউকে ভ্যারিয়েন্ট) ভারতীয় ভ্যারিয়েন্টের ক্ষেত্রেও সুরক্ষা দিতে পারে। প্রথম ডোজ নেওয়ার তিন সপ্তাহ পরে এসব টিকা ভারতীয় ভ্যারিয়েন্টের বিরুদ্ধে ৩৩ শতাংশ সক্ষম বলে দেখা গেছে। তবে কেন্ট ভ্যারিয়েন্টের ক্ষেত্রে এটির ৫০ শতাংশ সক্ষমতা মিলেছে। গবেষণা পরিচালনাকারী প্রতিষ্ঠান, পাবলিক হেলথ ইংল্যান্ড বলছে, হাসপাতালে ভর্তি ও মৃত্যু এড়াতে এসব টিকা আরো বেশি কার্যকর বলে দেখা গেছে।

বিবিসির খবরে বলা হয়েছে, ফাইজারের টিকা দ্বিতীয় ডোজ দেওয়ার পর সেটি ভারতীয় ভ্যারিয়েন্টের লক্ষণ ঠেকাতে ৮৮ শতাংশ কার্যকর বলে দেখা গেছে। আর কেন্ট ভ্যারিয়েন্ট (ইউকে ভ্যারিয়েন্ট) ঠেকাতে সেটা ৯৩ শতাংশ কার্যকর বলে প্রমাণিত হয়েছে। অন্যদিকে অ্যাস্ট্রাজেনেকার টিকাটি ভারতীয় ভ্যারিয়েন্ট ঠেকাতে ৬০ শতাংশ কার্যকর বলে দেখা গেছে। আর কেন্ট ভ্যারিয়েন্ট ঠেকাতে সেটি ৬৬ শতাংশ কার্যকর। পাবলিক হেলথ ইংল্যান্ড (পিএইচই) বলছে, দুটি ডোজের পর কার্যকারিতার এই পার্থক্যের কারণ হতে পারে অ্যাস্ট্রাজেনেকার দ্বিতীয় ডোজটি ফাইজারের তুলনায় পরে দেওয়া হয়ে থাকে।