ঝিনাইদহের মহেশপুর উপজেলার লড়াইঘাট সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশকালে আরও চারজনকে আটক করেছে বিজিবি। তারা নিজেদের বাংলাদেশি বলে দাবি করেছে।
সোমবার সকালে সাড়ে ৬টার দিকে পদ্মপুকুর গ্রাম থেকে তাদের আটক করা হয়। অবৈধভাবে ভারত থেকে প্রবেশের কারণে সীমান্তবর্তী এ উপজেলায় করোনা সংক্রমণ বৃদ্ধির আশঙ্কা দেখা দিয়েছে।
আটককৃতরা হলো- মাগুরা সদর উপজেলার কুচিয়ামোড়া গ্রামের স্বরজিৎ মণ্ডলের ছেলে রকি মণ্ডল (১৮), ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আজিমনগর গ্রামের কালাম শেখের ছেলে বোরহান শেখ (২৮), একই গ্রামের মৃত মালেক মিয়ার ছেলে নজরুল ইসলাম (৩০) ও মাদারীপুরে রাজৈর উপজেলার বাজিতপুর গ্রামের জাকির হাওলাদারের ছেলে সাধন হাওলাদার (১৮)।
বিজিবির ঝিনাইদহের মহেশপুর ৫৮ ব্যাটালিয়নের সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান জানান, কয়েকজন ব্যক্তির ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের খবর পেয়ে ভোরে অভিযান চালায় লড়াইঘাট বিওপির একটি টহল দল। এ সময় পদ্মপুকুর গ্রাম থেকে ওই চারজনকে আটক করা হয়। আটককৃতদের মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।
এ মাসে মহেশপুর উপজেলার বিভিন্ন সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশকালে ৪০ জনকে আটক করে বিজিবি।
ইত্তেফাক/ইউবি
