দেশি ব্যঞ্জনের স্বাদে

আপডেট : ২৪ মে ২০২১, ১৯:৫৮

পেট পূজায় দেশি ব্যঞ্জনের বিকল্প নেই। প্রতিদিনের খাওয়ার আয়োজনে স্বাদের মাত্রা বাড়িয়ে দিতে আপনাদের জন্য রইল বিশেষ ৩টি সুস্বাদু রেসিপি।

চ্যাপা শুঁটকি দিয়ে পেঁয়াজের ভর্তা

 

উপকরণ :চ্যাপা শুঁটকি ৬/৭টি, পেঁয়াজ ২টি, শুকনা মরিচ ২/৩টি ও লবণ স্বাদমতো।

 

প্রস্তুত প্রণালি :পেঁয়াজ ফালি করে কেটে নিতে হবে। কড়াইয়ে শুঁটকি ও শুকনা মরিচ একসঙ্গে টেলে পাটায় পিষে নিতে হবে। আলাদা করে পেঁয়াজ টেলে আধা বাটা করে বেটে, বেটে রাখা শুঁটকির সঙ্গে মিশিয়ে স্বাদমতো লবণ মেখে পরিবেশন করতে হবে।

 

ডাটা-কাঁঠাল বিচির ঝোল

 

উপকরণ :ডাটা ৭০০ গ্রাম, কাঁঠাল বিচি ১/৪ কাপ, চিংড়ি মাছ ১০/১২টি, পেঁয়াজ কুচি ৩ টেবিল চামচ, আদা বাটা ১/২ চা চামচ, হলুদ গুঁড়া ১ চা চামচ, মরিচ গুঁড়া ১ চা চামচ, তেল ৫ টেবিল চামচ, ধনেপাতা কুচি ২ টেবিল চামচ, লবণ স্বাদমতো।

 

প্রস্তুত প্রণালি :ডাটা পরিষ্কার করে টুকরো করে কেটে নিতে হবে। কাঁঠাল বিচি ছিলে হালকা ভাপিয়ে নিতে হবে। কড়াইয়ে তেল গরম করে পেঁয়াজ কুচি হালকা ভেজে আদা বাটা, হলুদ, মরিচ ও লবণ দিয়ে কষিয়ে চিংড়ি মাছ, কাঁঠাল বিচি দিয়ে কষিয়ে নিতে হবে। এবার ডাটা দিয়ে ১০ মিনিট ঢেকে রান্না করে কাঁচা মরিচ ও ধনেপাতা কুচি দিয়ে ৫ মিনিট দমে রেখে নামিয়ে পছন্দমতো সাজিয়ে পরিবেশন করতে হবে।

 

ইলিশের মাথা দিয়ে কচু ভর্তা

 

উপকরণ :ইলিশ মাছের মাথা ১টি, কচু শাক ৫০০ গ্রাম, কালোজিরা ১ চা চামচ, রসুন কুচি ২ টেবিল চামচ, পেঁয়াজ কুচি ৩ টেবিল চামচ, হলুদ গুঁড়া ১ চা চামচ, মরিচ গুঁড়া ১ চামচ, সরিষার তেল ৩ টেবিল চামচ, শুকনা মরিচ ২টি, লবণ ও চিনি স্বাদমতো।

 

প্রস্তুত প্রণালি :ইলিশ মাছের মাথা ভালোভাবে পরিষ্কার করে তাতে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া ও স্বাদমতো লবণ দিয়ে মেখে অল্প তেলে ভেজে তুলে রাখতে হবে। কচু শাক সিদ্ধ করে পানি ফেলে ভালো করে ধুয়ে নিতে হবে। এবার পাত্রে তেল গরম করে রসুন, পেঁয়াজ, কালোজিরা, শুকনা মরিচ ও কচু শাক ভেজে নামিয়ে নিতে হবে। এবার ইলিশ মাছের মাথাসহ বাকি উপকরণ একসঙ্গে পাটায় পিষে পছন্দমতো সাজিয়ে পরিবেশন করতে হবে।