স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা। গতকাল সোমবার বেলা সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
শিক্ষার্থীরা বলেন, করোনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দেশের শিক্ষাব্যবস্থা। দক্ষিণ এশিয়ায় বাংলাদেশই একমাত্র দেশ যেখানে অব্যাহতভাবে শিক্ষাপ্রতিষ্ঠানে এক বছরেরও বেশি সময় ধরে বন্ধ রয়েছে। শহরের শিক্ষার্থীরা অনলাইনে ক্লাসের সঙ্গে যুক্ত থাকলেও, লাখ লাখ ছাত্র-ছাত্রী যারা গ্রামে বসবাস করে তাদের কথা কেউ ভাবছে না। বেশির ভাগ নিম্নআয়ের পরিবারের সন্তানেরা হয়তো আর স্কুলেই ফিরতে পারবে না। অনেকেই করোনাকালীন সময়ে উপার্জনের পথ বেছে নিয়েছে।
শিক্ষার্থীদের বক্তব্য, করোনাকালীন সময়ে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় নিশ্চিতভাবে ঝরে পড়বে অনেক শিক্ষার্থী, যারা আর কোনো দিন ছাত্র জীবনে ফিরতে পারবে না। সেশনজট ও বেকারত্বের চিন্তায় অনেকে হারিয়ে ফেলবে পড়ালেখার আগ্রহ। ক্যাম্পাস খুললে করোনা হবে, কিন্তু বন্ধ থাকলে করোনা হবে না, এমন ভিত্তিহীন তথ্যের ওপর নির্ভর করে এভাবে লাখ লাখ শিক্ষার্থীর শিক্ষাজীবন ধ্বংস করা কখনোই গ্রহণযোগ্য হতে পারে না।
গতকাল দেশের বিভিন্ন স্থানে একই দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা। এছাড়া শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবিতে সোচ্চার রয়েছে বেশ কিছু শিক্ষক সংগঠনও।
