অনলাইন পোর্টালের তিন সাংবাদিকের বিরুদ্ধে আইসিটি আইনে মামলা

আপডেট : ২৪ মে ২০২১, ২১:৪৫

অনলাইন পোর্টালের তিন সাংবাদিকসহ ছয় জনের বিরুদ্ধে আইসিটি আইনে মামলা করেছেন এক ব্যবসায়ী। ঐ ব্যবসায়ীর অভিযোগ, চাঁদা চেয়ে না পাওয়ার কারণে নিবন্ধনহীন এই অনলাইন পোর্টালগুলোতে তার বিরুদ্ধে মিথ্যাচার করে সম্মানহানি করা হয়েছে। ঢাকার সাইবার ট্রাইব্যুনাল আদালতে গতকাল দায়ের করা এই মামলা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। 

মামলার বাদী ঢাকার জিএনএস ট্রেড ইন্টারন্যাশনাল লিমিটেডের মালিক গাজিউল ইসলাম মিয়া। মামলায় তিনি সনি বাংলা টিভি ডটকম, দৈনিক বাংলাদেশ ৭১ সংবাদ ডটকম ও স্বাধীন দেশ সংবাদের জয়পুরহাট জেলা প্রতিনিধি আব্দুর রাজ্জাক, সিএনএন বাংলা টিভির জয়পুরহাট জেলা প্রতিনিধি ফজলুল হক, দৈনিক প্রত্যাশা প্রতিদিন ও বিএসটিভির জয়পুরহাট জেলা প্রতিনিধি এস এম মিলন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ারকারী ও ম্যাসেঞ্জার প্রচারণাকারী জাহাঙ্গীর আলম, তৌফিকুল ইসলাম তৌহিদ ও মোজাফ্ফর হোসেনের বিরুদ্ধে এই মামলা করেছেন। আদালত পিবিআইকে আগামী ২৮ জুনের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

মামলার এজাহারে বলা হয়েছে, গত ২ মে সকালে এস এ মিলন, ফজলুল হক ও আব্দুর রাজ্জাক নিজেদের সাংবাদিক পরিচয় দিয়ে ঈদ উপলক্ষ্যে চাঁদা দাবি করেন। এতে মামলার বাদী অসম্মতি জানালে তারা গত ৪ মে বিভিন্ন অনলাইনে বাদীর বিরুদ্ধে বিভিন্ন আক্রমণাত্মক, মিথ্যা, অশ্লীল ও মানহানিকর ভুয়া তথ্যসংবলিত সংবাদ প্রকাশ করে। ঐ সংবাদগুলো ৫ ও ৬ মে মানহানিকর বক্তব্য দিয়ে আব্দুর রাজ্জাক, জাহাঙ্গীর আলম ও মোজাফ্ফর হোসেন ফেইসবুকে শেয়ার করে বিভ্রান্তি ছড়ান। এতে বাদী সামাজিকভাবে হেয়প্রতিপন্ন হওয়ার পাশাপাশি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে ছয় জনের বিরুদ্ধে আদালতে আইসিটি আইনে মামলা দয়ের করেন।

গাজিউল ইসলাম মিয়ার অভিযোগ, আব্দুর রাজ্জাক ২০১৯ সালের ১৩ ফেব্রুয়ারি বগুড়ার একটি হোটেলে ১১০ পিস ইয়াবা ও নারীসহ পুলিশের হাতে আটক হয়। মোজাফ্ফর হোসেন এক থেকে দেড় বছর আগে আইসিটি মামলায় ছয় মাস জেলও খেটেছেন।