পেশাজীবী ও চাকরিপ্রার্থীদের সামাজিক যোগাযোগের সবচেয়ে ভালো মাধ্যম হলো লিংকডইন। নিজের কর্পোরেট প্রোফাইল তৈরি, কোম্পানি ও ইন্ডাস্ট্রি প্রফেশনালদের সাথে নেটওয়ার্কিং ও চাকরির আবেদন করার জন্য এর ব্যবহার রয়েছে। আবার পেশাজীবন সম্পর্কিত তথ্যবহুল ও বিশ্লেষণধর্মী লেখা পড়ার ও শেয়ারের ব্যবস্থা রয়েছে এতে। প্রতিদিনই বহু শিক্ষার্থী, চাকরিপ্রার্থী ও পেশাজীবী লিংকডইন প্রোফাইল খুলছেন। তবে মানসম্মতভাবে প্রোফাইল তৈরি করা একটি চ্যালেঞ্জ।
লিংকডইন প্রোফাইল সাজানোর ক্ষেত্রে অনেকে ছোটখাটো কিছু বিষয়ে ভুল করেন। এগুলো এড়াতে পারলে আপনার প্রোফাইল চমত্কারভাবে উপস্থাপন করতে পারবেন। সাথে বাড়বে প্রফেশনালদের সাথে নেটওয়ার্কিং করার সুযোগ।
প্রফেশনাল ছবি ব্যবহার করুন
প্রথমে দর্শনধারী, তারপর গুণবিচারী—বাংলা ভাষার পুরানো প্রবচন এটি। লিংকডইনের প্রোফাইল ছবি ফেসবুক বা অন্যান্য ব্যক্তিগত সোশ্যাল মিডিয়ার প্রোফাইল ছবির মতো না হওয়া বাঞ্ছনীয়। সাধারণত ফর্মাল বা সেমিফর্মাল ছবি ভালো দেখায় লিংকডইনে। তাই বলে পাসপোর্ট সাইজের ছবি কাঠখোট্টা চেহারার ছবি দেবেন না যেন। এ ধরনের ছবি পাসপোর্ট, ইমিগ্রেশন ও ন্যাশনাল আইডি কার্ডের মতো গুরুগম্ভীর বিষয়ের জন্য তোলা হয়।
যথাযথ প্রোফাইল হেডলাইন লিখুন
আপনার প্রোফাইল হেডলাইন এমনভাবে লিখুন যেন যে কেউ তা বুঝতে পারে। এটি হতে পারে আপনার কাজ বিষয়ক বা কাজের ক্ষেত্র সম্পর্কিত। আপনি চাকরিপ্রার্থী হলে সেটা স্পষ্টভাবে জানান।
হেডলাইন মাত্র ১২০ কারেক্টারের মধ্যে লিখতে হয়। অর্থাত্ প্রতিটি অক্ষর, স্পেস, দাড়ি ও কমার সদ্ব্যবহার গুরুত্বপূর্ণ এখানে। সংক্ষিপ্ত ও আকর্ষণীয় হেডলাইন অন্যদেরকে আপনার সম্পর্কে বিস্তারিত জানতে আগ্রহী করে তুলবে।
সামারিতে নিজেকে তুলে ধরুন
এ অংশের জন্য বরাদ্দ কারেক্টার সংখ্যা ২০০০। কোন ধরাবাধা নিয়ম না থাকলেও নিজের কাজ ও পরিচয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশগুলো উল্লেখ করা বাঞ্ছনীয়।
আপনার প্রোফাইল দেখে অনেকে আপনার সাথে যোগাযোগ করতে আগ্রহী হলেও যোগাযোগের কোন মেইল আইডি বা অন্য মাধ্যম না থাকায় ব্যাপারটা কষ্টসাধ্য হয় উঠে। বহু ক্ষেত্রে লিংকডইনে নিজের নেটওয়ার্কের বাইরে মেসেজ করা সম্ভব হয় না। তাই কীভাবে আপনার সাথে পেশাগত কারণে যোগাযোগ করা যায়, সে ব্যাপারে সামারিতে লিখতে পারেন। তবে ব্যক্তিগত ফোন/মোবাইল নাম্বার ব্যবহার না করাটাই শ্রেয়। কাজের জন্য নিয়মিত যে ইমেইল ব্যবহার করেন, সে আইডি শেয়ার করুন।
কাজের অভিজ্ঞতা সম্পর্কে জানান সংক্ষেপে
অনেকে খুব বড় আকারে নিজেদের কাজের অভিজ্ঞতা সম্পর্কে লিখে রাখেন। নিজেকে একজন প্রোফাইল ভিউয়ারের অবস্থান থেকে দেখুন। আপনি কি বড় বর্ণনা আদৌ পড়তে চান বা পড়লেও আগ্রহ ধরে রাখতে পারবেন কি? ভিউয়ারের মনোযোগ বাড়াতে দুইটি বিষয়ের উপর সংক্ষেপে লিখুন।
