তথ্যপ্রযুক্তি ও সামাজিক উদ্যোক্তা পাভেল সারওয়ার

আপডেট : ২৫ মে ২০২১, ২১:০০

>> রেজাউল ইসলাম রেজা

 

ছোটবেলা থেকেই তিনি কৌতূহলী। নতুন কিছু উদ্ভাবন, প্রযুক্তি এবং নিজেই নতুন কিছু করার প্রতি ছিল প্রচুর ঝোঁক। উদ্যোক্তা, জনসেবা, তথ্য প্রযুক্তি শিক্ষা এবং জনসাধারণের উন্নয়নে সক্রিয়ভাবে নিযুক্ত থাকার চেষ্টা করেছেন সবসময়। বলছি পাভেল সারওয়ারের কথা। যিনি বিগত প্রায় আট বছর বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক সংস্থায় সক্রিয়ভাবে ভূমিকা রেখেছেন। তার উদ্যোগগুলো প্রাথমিক, মাধ্যমিক বিদ্যালয় এবং কলেজের আগ্রহী শিক্ষার্থীদেরকে নিয়ে। তিনি তার কাজের মাধ্যমে তরুণদের উত্পাদনশীল এবং সুনাগরিক হওয়ার জন্য চেষ্টা করেছেন। স্কুল শিক্ষার্থীদের, বিশেষত মেয়েদের উদ্ভাবন, প্রযুক্তি এবং উদ্যোক্তা হিসেবে শিক্ষিত ও সক্ষম করার জন্য প্রস্তুত করতে এবং যুবকদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে বর্তমানেও কাজ করে যাচ্ছেন। তিনি বিশ্বাস করেন, শিক্ষা অপেক্ষা গ্রহণযোগ্য আর কোনো কিছুই হতে পারে না। পাভেল তরুণদের মধ্যে শক্তিশালী বার্তা পৌঁছে দিতে চান। তার মতে, আপনি যা পছন্দ করেন তা করুন, অন্যকে অনুপ্রাণিত করুন এবং বিশ্বকে পরিবর্তন করার নিমিত্তে নিজেকে বিলিয়ে দিন।

পাভেল স্বপ্ন দেখেন এমন এক বাংলাদেশের—যেখানে কেউ পিছিয়ে থাকবে না। তিনি কোডেক্স সফটওয়্যার সলিউশন এসডিএন বিএইচডি’র প্রতিষ্ঠাতা ও পরিচালক হিসেবে কাজ করছেন। কোডেক্স সফটওয়্যার সলিউশন মূলত প্রযুক্তির ব্যবহার করে নাগরিক সমস্যার সমাধান ও উদ্ভাবন নিয়ে কাজ করে। বর্তমানে বাংলাদেশ ছাড়াও নেপাল এবং মালয়েশিয়ায় কাজ করছে তার এই প্রতিষ্ঠান। এছাড়াও তিনি তথ্য-প্রযুক্তিভিত্তিক সংগঠন ইয়ুথ হাব’র প্রতিষ্ঠাতা। ইয়ুথ হাব স্কুল পর্যায়ে উদ্ভাবন, তথ্য-প্রযুক্তি ও নতুন উদ্যোক্তা তৈরিতে কাজ করে। সবার মাঝে মানসম্মত শিক্ষা পৌঁছে দেওয়ার মহত্ লক্ষ্য নিয়ে তিনি প্রতিষ্ঠা করেন ডেমরা আইডিয়াল কলেজ। করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের শুরুর দিকে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের উপযুক্ত ডিজিটাল ম্যাপিং না থাকায় সরকারি ও বেসরকারি বিভিন্ন সংস্থার পক্ষ থেকে জরুরি সেবাসমূহ দেওয়া কঠিন ছিল। তাই তার প্রতিষ্ঠান ইয়ুথ হাব ও অন্যান্য সহযোগি প্রতিষ্ঠানের মাধ্যমে ‘বাংলাদেশ চ্যালেঞ্জ’ নামের একটি উদ্যোগ গ্রহণ করেন। ‘ঘরে বসেও পথ দেখানা সম্ভব’—এই স্লোগানকে সামনে রেখে দেশব্যাপী গুগল ম্যাপে বিভিন্ন জরুরি সেবার স্থানগুলো যুক্ত করা হয়। এই উদ্যোগে একত্রিশ হাজারের বেশী তরুণ-তরুণী লক্ষাধিক নতুন স্থান ম্যাপে যুক্ত করে।

স্কুল পর্যায়ে তথ্য-প্রযুক্তি শিক্ষা নিয়ে কাজের জন্য পাভেল সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী গভন ব্রাউনের সংগঠন ‘দেয়ার ওয়ার্ল্ডের’ একজন গ্লোবাল ইয়ুথ এম্বাসেডর হিসেবে তাদের আমন্ত্রণে ২০১৯ সালে জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দেন।

পাভেল গুগলের বিভিন্ন পরিষেবা ও কমিউনিটির সঙ্গে যুক্ত দীর্ঘদিন ধরে। গুগল ম্যাপ এক্সপার্ট, গুগল স্ট্রিট ভিউ ট্রাস্টেড ও গুগল ক্রাউডসোর্সের প্রতিনিধি হিসেবেও কাজ করেছেন। এসবের পাশাপাশি পাভেল একজন গুগল সার্টিফাইড হিসেবেও কাজ করছেন।