ভাঙ্গুড়া (পাবনা) সংবাদদাতা
ভাঙ্গুড়া উপজেলার খানমরিচ ইউনিয়নের সুলতানপুর গ্রামে সরকারি পাকা সড়কের ক্ষতি করে পুকুর খননের অভিযোগ পাওয়া গেছে। স্থানীয়রা জানায়, স্থানীয় এক বাসিন্দা সড়ক ঘেঁষে তার জমিতে পুকুর খনন করায় পাকা সড়কটি হুমকির সম্মুখিন হয়ে পড়েছে। এ ছাড়া পুকুর খননের জন্যও তিনি কর্তৃপক্ষের পূর্বানুমতিও নেয়নি। এ ব্যাপারে গ্রামবাসীর পক্ষে মো. সিরাজুল ইসলাম মঙ্গলবার উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশরাফুজ্জান এ সংক্রান্ত একটি লিখিত অভিযোগ প্রাপ্তির কথা স্বীকার করে জানান, তদন্ত করে ব্যবস্থা নিতে ইউনিয়ন ভূমি অফিসকে নির্দেশ দেওয়া হয়েছে।
