কুমিল্লায় মনির হত্যা মামলা
কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লা শহরতলির দূর্গাপুর এলাকায় চাঞ্চল্যকর মনির হোসেন হত্যা মামলার এজাহারনামীয় পাঁচ আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে কুমিল্লা কেন্দ্রীয় কারাগার থেকে তাদের কোতোয়ালি মডেল থানায় নেওয়া হয়। এর আগে এ মামলার গ্রেফতারকৃত আরেক আসামি এরশাদ হত্যার দায় স্বীকার করে গত ১৮ মে আদালতে জবানবন্দি দিয়েছে। গতকাল বিকালে এসব বিষয় নিশ্চিত করেছেন মামলার তদন্ত কর্মকর্তা এসআই ফারুক আহাম্মদ।
উল্লেখ্য, গত ১৩ মে আসামিরা ক্ষুদ্র ব্যবসায়ী মনির হোসেনকে মোবাইল চুরির মিথ্যা অপবাদ দিয়ে ঘোড়ামারা কৃষ্ণনগর গ্রামে তাদের বাড়িতে নিয়ে মারধর করে। পরে আশঙ্কাজনক অবস্থায় তারা তাকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে জরুরি বিভাগের রেজিস্টারে ‘নাম ও পরিচয় অজ্ঞাত’ উল্লেখে ভর্তি করিয়ে পালিয়ে যায়। ঐ রাতেই মনির মারা যান। এ ঘটনায় নিহতের স্ত্রী সালমা বেগম বাদী হয়ে আট জনের বিরুদ্ধে থানায় হত্যা মামলা করেন।
