আনন্দ বিনোদন প্রতিবেদক
চ্যানেল আইয়ের জনপ্রিয় অনুষ্ঠান ‘তারকাকথন’ এ সপ্তাহে ১৯ বছরে পর্দাপণ করল। এমন তারকাবহুল লাইভ অনুষ্ঠান দেশের টিভি চ্যানেলের ইতিহাসে এক বিস্ময়। এই অনুষ্ঠানে দেশের সব সেক্টরের তারকাদের হাজির করা হয়। অনুষ্ঠানে এসে তারকারা নিজের কাজ ও প্রাপ্তি নিয়ে কথা বলেন। আর দীর্ঘ ১৯ বছর এই অনুষ্ঠানটি সম্প্রচার করা সম্ভব হয়েছে তারকাদের সহযোগিতার জন্যই। এমন অনেক তারকা আছেন যারা ১৯ বছর ধরেই তারকা। আবার কেউ হয়তো-বা নতুন তারকা হয়েছেন। তবে বিনোদন জগতের সব তারকারাই এই অনুষ্ঠানে এসেছেন। প্রতিদিন তারকাদের কোথায় পান? এমন প্রশ্নের জবাবে অনুষ্ঠান প্রযোজক রাজু আলীম বলেন, ‘সব সেক্টরের তারকারা চ্যানেল আইয়ের ‘তারকাকথন’ অনুষ্ঠানটি ভালোবাসে। তাই তারকাদের সহযোগিতার জন্যই তাদেরকে পাওয়া সহজ হয়ে যায়। তারকাদের জন্মদিন বা বিশেষ দিনগুলোতে তাদেরকে আমরা অনুষ্ঠানে নিয়ে আসি। শিল্পীদের গান রিলিজ, কনসার্ট, কিংবা বড় কোনো আয়োজনের আগে বা পরে এসে তারকারা এই অনুষ্ঠানের মাধ্যমে দর্শকের জানাতে চায় তাদের প্রাপ্তি বা অর্জন। এজন্য আমরা তারকাদের কাছ থেকে বেশি সাড়া পেয়ে থাকি। তারকাকথন’র একটি বড় টিম আছে। ওই টিমে চ্যানেল আইয়ের পরিচালকবৃন্দ এবং উর্ধ্বতন কর্মকর্তারাও আছেন। সবার সহয়োগিতার জন্য আমরা এই অনুষ্ঠানটি সুন্দরভাবে নির্মাণ করতে পারছি। সেইসঙ্গে দীর্ঘ ১৯ বছর থেকে টানা প্রতিদিন ‘তারকাকথন’ অনুষ্ঠানটি লাইভ সম্প্রচার করতে পারছি।’
