আনন্দ বিনোদন প্রতিবেদক
গ্রামীণ ফোনের একটি বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেই আলোচনায় চলে এসেছিলেন মডেল ও অভিনেত্রী বীথি রানী সরকার। ২০১০ সালে অমিতাভ রেজা চৌধুরীর পরিচালনায় গ্রামীণ ফোনের বিজ্ঞাপনই বীথিকে এগিয়ে নিয়ে আসে সামনের দিকে। এই বিজ্ঞাপনের ‘বন্ধু কই রইলারে’ জিঙ্গেলটিও সেই সময় বেশ আলোচনায় আসে। তারপর নাটকে, বিজ্ঞাপনে, সিনেমাতে কাজ করা নিয়ে ব্যস্ত হয়ে উঠেন বীথি রানী সরকার। এরইমধ্যে বীথি গত ৫ মার্চ ইন্টারন্যাশনাল এনজিও ‘ওয়ার্ল্ড ভিশন’ ও দর্শকপ্রিয় সংবাদ পাঠক দেবাশীষ রঞ্জন সরকারের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বিয়ের পর নিজের মতো করেই সময় কাটিয়ে এরইমধ্যে বীথি রানী সরকার বিজ্ঞাপনে মডেল হওয়ার মধ্যদিয়ে আবারো কাজে ফিরেছেন। অঞ্জন ও রনির নির্দেশনায় একটি ফাউন্ডেশনের অনলাইন প্ল্যাটফর্মের বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছেন, যে প্ল্যাটফর্মে দেশীয় সেইসব পণ্যই পাওয়া যাবে— যা সাধারণত বিদেশে রপ্তানি করা হয়ে থাকে। এমন একটি প্ল্যাটফর্মের বিজ্ঞাপনে কাজ করে বেশ আনন্দিত বীথি রানী সরকার। বীথি বলেন, ‘বিয়ের তিন মাস আগে একটি বিজ্ঞাপনে কাজ করেছিলাম। বিয়ের পর নতুন একটি বিজ্ঞাপনে কাজ করলাম; যা আমার নিজের কাছে অনেক ভালো লেগেছে। প্রায় তিন বছর আগে কুইনস ক্লোজেট নামে নিজেই একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান চালু করেছিলাম। পুলিশ প্লাজায় ছিল এই প্রতিষ্ঠানটি। কিন্তু করোনার কারণে এখন তা শুধু অনলাইনেই চালু রেখেছি। টুকটাক অভিনয় নিয়েও ব্যস্ত ছিলাম। এরইমধ্যে নতুন জীবনও শুরু করেছি। সবমিলিয়ে দেবাশীষকে পেয়ে আমি ভীষণ খুশী এবং সুখীও বটে। এখন থেকে নিয়মিত অভিনয়ও করব, বিজ্ঞাপনেও কাজ করব।’
বীথি জানান, তার অভিনীত প্রথম সিনেমা ছিল সরকারি অনুদানে নির্মিত দেলোয়ার জাহান ঝন্টু পরিচালিত ‘হেডমাস্টার’। এতে বীথির বিপরীতে ছিলেন চিত্রনায়ক কায়েস আরজু। এরপর তিনি তরঙ্গ এন্টারটেইনমেন্ট প্রযোজিত ‘সত্ত্বা’ সিনেমায় অভিনয় করেন। এতে সহশিল্পী হিসেবে বীথি পেয়েছিলেন শাকিব খান, পাওলি দামসহ আরো অনেককেই। তারপর তিনি ‘কালের পুতুল’, ‘হরিজুপিয়া’, ‘কাসার থালায় রূপালী চাঁদ’ ও ‘কারণ তোমায় ভালোবাসি’ সিনেমাতে অভিনয় করেন। সজল পরিচালিত ‘নেকি’ ছিল বীথি অভিনীত প্রথম নাটক। এতে তার বিপরীতে ছিলেন হিল্লোল।
