এবার ওয়েব সিরিজে

আপডেট : ২৬ মে ২০২১, ২০:১৫

রে জা উ ল  ক রি ম  খো ক ন

 

করোনা মহামারির ভয়াবহ প্রকোপ বলিউডে মারাত্মক বিপর্যয় সৃষ্টি করেছে। সাধারণ দর্শক বিকল্প বিনোদন মাধ্যম হিসেবে ওটিটির প্রতি ঝুঁকেছেন। এখন বলিউডের অনেক  নতুন সিনেমা ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে। এর বাইরে প্রচুর হিন্দি ওয়েব সিরিজ দর্শকদের আগ্রহ ও মনোযোগের কেন্দ্রবিন্দুতে পরিণত হচ্ছে। গত কয়েকবছরের অন্যতম আলোচিত দর্শকনন্দিত হিন্দি ওয়েব সিরিজের মধ্যে ‘দ্য ফ্যামিলি ম্যান’র কথা বলা যায়। মনোজ বাজপেয়ী-প্রিয়মনি অভিনীত এসপিওনাজ থ্রিলার ধাঁচের ওয়েব সিরিজটির প্রথম সিজন জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম আমাজন প্রাইম ভিডিওতে ২০১৯ সালে মুক্তি পেয়েছিল। মধ্যবিত্ত পরিবারের একজন মানুষ শ্রীকান্ত তিওয়ারির ন্যঅশনাল ইন্টেলিজেন্স এজেন্সিতে একজন সিক্রেট এজেন্ট হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি গতানুগতিক পারিবারিক জীবনে স্বামী ও পিতা হিসেবে ভূমিকা রাখার মজার সাসপেন্সপূর্ণ ঘটনার সন্নিবেশ ওয়েব সিরিজটিকে সব শ্রেণীর দর্শকের কাছে দারুণ জনপ্রিয় করেছিল। বিশ্বমানের একজন দুর্ধর্ষ সিক্রেট এজেন্টের ধারাবাহিক বিভিন্ন অভিযানের বিবরণ দেখতে সব দর্শক ‘দ্য ফ্যামিলি ম্যান’ ওয়েব সিরিজের দ্বিতীয় সিজনের জন্য অপেক্ষা করেছিলেন। এই সিরিজে নতুন এক ভূমিকায় দেখা যাবে দক্ষিণী নায়িকা সামান্থা আক্কিনেনিকে। ৩৪ বছর বয়সী এই জনপ্রিয় অভিনেত্রী রূপালি পর্দায় অভিষেক হয়েছিল ২০১০ সালে। গত এক দশকে ৪৫টি ছবিতে নায়িকা হয়েছেন তিনি। তামিল তেলেগু সিনেমার অঙ্গনে বেশ দাপটের সঙ্গে কাজ করে যাচ্ছেন সামান্থা। সুঅভিনেত্রী হিসেবে স্বীকৃতি মিলেছে ফিল্মফেয়ারসহ অসংখ্য পুরস্কার অর্জনের মাধ্যমে। মাদ্রাজের মেয়ে সামান্থা দক্ষিণী সুপারস্টার অভিনেতা নাগার্জুনের পুত্রবধু। তার স্বামী নাগা চৈতন্যও তেলেগু সিনেমার তারকা অভিনেতা। দক্ষিণী সিনেমার অনেক জনপ্রিয় নায়িকাকে বলিউডে পা রাখতে দেখা গেলেও সামান্থাকে এতদিন কোনো হিন্দি সিনেমায় দেখা যায়নি। তবে এবার ওটিটি প্ল্যাটফর্মের পাশাপাশি হিন্দি ওয়েব সিরিজের একই সঙ্গে অভিষেক হচ্ছে তার ‘দ্য ফ্যামিলি ম্যান’-এ একটি প্রধান নারী চরিত্রে রূপদানের মাধ্যমে। আমাজন প্রাইম ভিডিওর জনপ্রিয় হিন্দি ওয়েব সিরিজটির দ্বিতীয় সিজনে একটি সন্ত্রাসবাদী জঙ্গি সংগঠনের দুর্ধর্ষ নারী সদস্য হিসেবে তাকে দেখা যাবে। এখানে তার অভিনীত চরিত্রটি একজন সুইসাইড বম্বারের, অর্থাত্ আত্মঘাতি বোমা হামলাকারীর। রাজলক্ষী চন্দ্রন ওরফে রাজি চরিত্রটি ওয়েব সিরিজে নায়ক মনোজ বাজপেয়ী অভিনীত চরিত্র শ্রীকান্ত তিওয়ারির প্রধান প্রতিপক্ষ হিসেবে আসছে সামান্থ। এই ওয়েব সিরিজে প্রধান ভিলেন হিসেবেই দর্শকদের মাতিয়ে রাখবেন। ইতিমধ্যে ‘দ্য ফ্যামিলি ম্যান’র নতুন সিজনের প্রমো-ট্রেলারে দক্ষিণী এই জাদরেল সুপারস্টার অভিনেত্রীর ভিন্ন রুদ্রমুর্তি, রাফ অ্যান্ড টাফ লুক সবাইকে ভীষণভাবে কৌতূহলী করেছে। বলিউডের অনেক নামিদামি জনপ্রিয় তারকাই হিন্দি ওয়েব সিরিজ ‘দ্য ফ্যামিলি ম্যান’-এ সামান্থার অসাধারণ অভিষেককে স্বাগত জানিয়েছেন, অভিনন্দিত করেছেন। পাশাপাশি একজন তামিল সন্ত্রাসী নারীর ভূমিকায় অভিনয়ের কারণে তার বিরুদ্ধে নিন্দা ও সমালোচনার ঝড় উঠেছে। লিবারেশন টাইগারস অব তামিল এলম সংগঠনের ইউনিফর্ম পরা অবস্থায় তাকে দেখা যাচ্ছে ওয়েব সিরিজটির প্রমো এবং ট্রেলারে। গতানুগতিক গ্ল্যামারাস ইমেজের বাইরে রুক্ষ, নির্মম স্বভাবের বেপরোয়া একজন দুর্ধর্ষ নারীর চরিত্রে অভিনয়ের মাধ্যমে সামান্থা আবার নিজের দক্ষতা ও সক্ষমতার পরিচয় দিতে সচেষ্ট হয়েছেন ‘দ্য ফ্যামিলি ম্যান’র নতুন সিজনে। বলা যায়, ওয়েব রজটির প্রধান আকর্ষণ হয়ে উঠেছেন তিনি।