সংবাদ সংক্ষেপ

আপডেট : ২৬ মে ২০২১, ২০:৪৭

ফরিদপুরে দুই দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ

ফরিদপুর (পাবনা) সংবাদদাতা উপজেলা পরিষদ মিলনায়তনে বুধবার থেকে শুরু হয়েছে দুই দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ। উপজেলা কৃষি কর্মকর্তা মো. রোকনুজ্জামানের সভাপতিত্বে এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. ইমামুল হকের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে এ প্রশিক্ষণের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান অধ্যাপক গোলাম হোসেন। প্রশিক্ষণে উপজেলার ছয়টি ইউনিয়নের ৬০ জন কৃষক অংশ নিয়েছেন।

ঈশ্বরদীতে তিনটি সড়কের নির্মাণকাজের উদ্বোধন

ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতা উপজেলার তিনটি সড়কের কাজের উদ্বোধন করা হয়েছে। বুধবার সকালে এই নির্মাণকাজের উদ্বোধন করেন পাবনা-৪ আসনের সংসদ সদস্য আলহাজ নুরুজ্জামান বিশ্বাস। এ সময় উপস্থিত ছিলেন ঈশ্বরদী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম খান, উপজেলা প্রকৌশলী এনামুল হক, সলিমপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বাবলু মালিথাসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

নজরুলজয়ন্তীতে নাট্যকর্মশালা

কটিয়াদী (কিশোরগঞ্জ) সংবাদদাতা দীপশিখা গ্রন্থাগার আন্দোলনের উদ্যোগে নজরুল জন্মজয়ন্তী উদ্যাপন উপলক্ষ্যে কটিয়াদীতে ১০ দিনব্যাপী নাট্য কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার কর্মশালা শেষে অংশ গ্রহণকারীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়। সকালে কটিয়াদী সরকারি উচ্চবিদ্যালয় মঞ্চে এ সনদপত্র বিতরণ করা হয়। দীপশিখা গ্রন্থাগার আন্দোলনের সমন্বয়ক বদরুল আলম নাঈমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জ্যোতিশ্বর পাল।

ভূমিহীনরা পেলেন ঘরের চাবি

মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা মহেশপুরের আজমপুর ইউনিয়নের আদমপুর গ্রামে মঙ্গলবার বিকালে ভূমিহীনদের মধ্যে নতুন ঘরের চাবি হস্তান্তর করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্বাশতী শীলের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের মধ্যে এসব ঘরের চাবি হস্তান্তর করেন ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য অ্যাড. শফিকুল আজম খান চঞ্চল। এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ময়জদ্দীন হামীদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেরুননেচ্ছা প্রমুখ।

মসিক মেয়রের মাস্ক বিতরণ

ময়মনসিংহ প্রতিনিধি করোনা ভাইরাস প্রতিরোধে জনসচেতনতা তৈরির লক্ষ্যে ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র ইকরামুল হক টিটু নগরীর বিভিন্ন পয়েন্টে মাস্ক বিতরণ করেছেন। বুধবার সকালে সিটি করপোরেশনের স্বাস্থ্য বিভাগের ব্যবস্থাপনায় নতুন বাজার, চরপাড়া, মাসকান্দা, গাঙ্গিনাপাড়, শম্ভুগঞ্জ বাজার, টাউন হলসহ একাধিক স্থানে এসব মাস্ক বিতরণ করা হয়। এ সময় সিটি করপোরেশনের সচিব রাজিব কুমার সরকার, নির্বাহী কর্মকর্তা আনোয়ার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

১২ বীরাঙ্গনা পেলেন চাল ও নগদ অর্থ

সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলা ফাউন্ডেশনের বীরাঙ্গনা সহায়তা কার্যক্রমের আওতায় সৈয়দপুরে ১২ জন বীরাঙ্গনার মধ্যে চাল ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে শহরের নীলফামারী বাইপাস সড়কে মুক্তিযোদ্ধা ইউনুছ আলীর বাড়িতে এসব চাল ও অর্থ বিতরণ করা হয়। এ সময় অপরাজেয় বাংলা ফাউন্ডেশনের নীলফামারী জেলা সমন্বয়ক এবং বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড নীলফামারীর ডোমার উপজেলা শাখার সভাপতি মো. আল আমিন রহমান উপস্থিত থেকে এসব বিতরণ করেন।

প্রতিবন্ধী শিশুদের নিয়ে চিত্রাঙ্কন কর্মশালা

তানোর (রাজশাহী) সংবাদদাতা প্রতিবন্ধী ও সাধারণ শিশুদের নিয়ে তানোরে চিত্রাঙ্কন, সাংস্কৃতিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা হলরুমে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পংকজ চন্দ্র দেবনাথ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) স্বীকৃতি প্রামানিক, উপজেলা কৃষি কর্মকর্তা মো. শামিমুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. বেলাল হোসেন প্রমুখ।

 

০০০০০০০০০০০০