চাঁপাইনবাবগঞ্জে আরো ১৩১ জনের দেহে করোনা শনাক্ত

আপডেট : ২৬ মে ২০২১, ২১:৪১

চাঁপাইনবাবগঞ্জে সাত দিনের সর্বাত্মক লকডাউনের গতকাল ছিল দ্বিতীয় দিন। লকডাউনের দ্বিতীয় দিনে জেলা সদরের ২৭টি স্থানে পুলিশি চেকপোস্ট বসানো হয়। এদিকে গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে আরো ১৩১ জনের করোনা শনাক্ত হয়েছে। ২১২ জনের নমুনা পরীক্ষায় ১৩১ জনের করোনা পজিটিভ রিপোর্ট আসে বলে স্বাস্থ্য বিভাগ জানিয়েছে। আর এ নিয়ে জেলায় মোট ১ হাজার  ৫০৫ জনের দেহে ভাইরাসটি শনাক্ত হলো। এ ছাড়া জেলার ২৫০ শয্যা হাসপাতালের করোনা ওয়ার্ডে ২০ জন রোগী চিকিত্সা নিচ্ছেন। ইতিমধ্যে ১ হাজার ৮৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এবং মারা গেছেন ২৮ জন।

করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় জেলা প্রশাসন ঘোষিত সাত দিনের লকডাউনের দ্বিতীয় দিন গতকাল বুধবার কোথাও কঠোর, আবার কোথাও ঢিলেঢালাভাবে পালিত হয়। লকডাউনে দূরপাল্লার কোনো বাস বা ট্রেন ছেড়ে যায়নি। অভ্যন্তরীণ রুটেও বাস চলাচল বন্ধ রয়েছে। তবে পণ্যবাহী ট্রাক ও যানবাহন চলাচল করছে। স্বাস্থ্যবিধি মেনে সোনা মসজিদ স্থলবন্দরের কার্যক্রম অব্যাহত রয়েছে। শহরে ওষুধ, মুদিখানা, দোকান ছাড়া বিভিন্ন বিপণিবিতানসহ অন্যান্য দোকানপাট বন্ধ রয়েছে। তবে জেলার অন্য জায়গা থেকে আসা মানুষ চাঁপাইনবাবগঞ্জে আসতে ভোগান্তিতে পড়ে। লকডাউন কঠোরভাবে কার্যকরে সকাল থেকে জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট ও পুলিশের ১২টি মোবাইল টিম মাঠে তত্পর ছিল। শহরের ২৭টি স্থানে পুলিশ চেকপোস্ট বসানো হয়েছে। গত মঙ্গলবার লকডাউনের প্রথম দিন স্বাস্থ্যবিধি মেনে চলাচল না করার দায়ে ১২টি ভ্রাম্যমাণ আদালত ১১২ জনকে ৮৮ হাজার ৮০০ টাকা জারিমানা করে।