‘লঞ্চ ভ্যাসেল ফাইন্ডার্স বাংলাদেশ’ ট্রাভেলার গ্রুপের বিনিয়োগের নামে প্রতারণা

আপডেট : ২৬ মে ২০২১, ২১:৩৬

বিদেশের নামকরা প্রতিষ্ঠানের ভুয়া আইডি দেখিয়ে বিনিয়োগের কথা বলে লাখ লাখ টাকা প্রতারণাকারী একটি চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ। 

গ্রেফতারকৃতরা হলেন, ‘লঞ্চ ভ্যাসেল ফাইন্ডার্স বাংলাদেশ’ নামে একটি ফেসবুক ট্রাভেলার গ্রুপের পরিচালক ও চক্রের মূল হোতা জাকারিয়া (২৪), জাহিদ ইবনে জাহান (৩০) ও সোহরাব হোসেন টিটু (৩৮)। এ সময় তাদের ব্যবহৃত নামে-বেনামে ১৮টি ফেসবুক আইডি উদ্ধার করা হয়। মঙ্গলবার গভীর রাতে রাজধানীর কল্যাণপুর, আশুলিয়া ও চাঁদপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। 

‘লঞ্চ ভ্যাসেল ফাইন্ডার্স বাংলাদেশ’ নামে গ্রুপ খুলে ভয়ঙ্কর প্রতারণার ফাঁদ পাতে চক্রটি। অ্যামাজন, ইবের সঙ্গে যৌথভাবে ব্যবসার প্রস্তাব দিয়ে নানা পন্থায় হাতিয়ে নেয় কোটি কোটি টাকা।

ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের ওয়েব বেইজড ক্রাইম ইনভেস্টিগেশন টিমের ইনচার্জ এডিসি আশরাফ উল্লাহ বলেন, যত বেশি ডোমেইন তত বেশি মুনাফার প্রলোভন, একে একে ৪২টি ডোমেইন বিক্রি করে টাকা হাতিয়ে নিয়েছে জাকারিয়া। ওয়েবসাইট হ্যাকের নামে, তা উদ্ধারের কথা বলে, কখনো আবার সিকিউরিটি ইন্সটলেশনের কথা বলেও টাকা হাতিয়ে নিয়েছে। জাকারিয়া নিজেই উন্নত ওয়েব ডিজাইনার, নিজেই হ্যাকার, আবার প্রতারণার প্রয়োজনে নিজেই আমেরিকান প্রবাসী কিংবা আইটি এক্সপার্ট সেজে কথা বলেন।

ঢাকা মেট্রোপলিটন গোয়েন্দা উত্তর ও সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের যুগ্ম কমিশনার হারুন অর রশিদ বলেন, বিভিন্ন আন্তর্জাতিক নামী প্রতিষ্ঠানের সঙ্গে ব্যবসার প্রলোভন দেখিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে চক্রটি। শুধুমাত্র একজনের কাছ থেকে ৩০ লাখ টাকা হাতিয়ে নেওয়ার প্রমাণ পেয়েছি। 

 
ইত্তেফাক/এনএ