দেহে করোনার জীবাণু ঢুকাতে চেয়েছিলেন বরিস জনসন!

আপডেট : ২৭ মে ২০২১, ০৩:১৭

কোভিড-১৯ নিয়ে ভয়ের গল্প ছড়ানো হচ্ছে। এটি আসলে মারাত্মক কোনও রোগ নয়! এমন কথা প্রমাণ করতে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন ইনজেকশনের মাধ্যমে দেহে করোনাভাইরাস ঢুকানোর কথাও ভেবেছিলেন। এমনকী টিভিতে সরাসরি অনুষ্ঠানেও তিনি এই কাণ্ড ঘটাতে চেয়েছিলেন! 

বার্তা সংস্থা রয়টার্সের বরাতে জানা যায়, এমনটাই দাবি করেছেন জনসনের সাবেক প্রধান উপদেষ্টা ডমিনিক কামিংস। তিনি বলেছেন, জনসনের সঙ্গে তার সম্পর্কের সবচে বেশি অবনতি হয়েছিল গত অক্টোবরে দ্বিতীয় লকডাউন দেয়ার সময়। কারণ, দেশের করোনা পরিস্থিতি এতটা খারাপ হবার জন্য তিনিই (কামিংস) তাকেই দায়ী করেছিলাম। এমনকি বরিসকে প্রধানমন্ত্রী পদে ‘অযোগ্য’ ব্যক্তি বলেও মন্তব্য করেছিলেন।

জনসন মনে করতেন কোভিড সাধারণ কোনো ভাইরাস। তার ওই বিশ্বাস থেকেই ২০২০ সালে কোভিড-১৯ সংক্রমণের বিস্তার রোধে দেশজুড়ে লকডাউন জারি করতে ‘সর্বনাশা’ দেরি করে ফেলেছিলেন বলেও মন্তব্য করেছেন কামিংস। জনসনের এই খামখেয়ালিপনা এবং জনস্বাস্থ্য সংকট সামাল দিতে তার সরকারের প্রস্তুতি না থাকা নিয়ে তীব্র সমালোচনা করেছেন কামিংস। 

বুধবার (২৬ মে)আইনপ্রণেতাদের সামনে টেলিভিশনে প্রচারিত এক শুনানিতে কামিংস বলেন, যুক্তরাজ্য সরকার করোনাভাইরাস সংকট মোকাবেলায় দেশটির নাগরিকদের প্রতি নিজেদের দায়িত্বে পালনে ব্যর্থ হয়েছে। সত্য কথা হচ্ছে, কোভিড-১৯ মহামারীর মত চরম সংকটময় পরিস্থিতিতে জনগণ সরকারের কাছ থেকে যেসব উদ্যোগ আশা করার অধিকার রাখে তা পালনে জ্যেষ্ঠ মন্ত্রী, জ্যেষ্ঠ কর্মকর্তা, আমার মত জ্যেষ্ঠ উপদেষ্টারা বিপর্যয়রকমভাবে ব্যর্থ হয়েছেন। -

ইত্তেফাক/এএইচপি